২০২৫ সাল

সৌদির বেসরকারি খাতে বিদেশী বিনিয়োগ ৫.৩ বিলিয়ন ডলার

সৌদি আরবের বেসরকারি খাতে বিদেশী বিনিয়োগে বড় ধরনের উত্থান ঘটেছে।

২০২৫ সালে দেশটিতে বিদেশী বিনিয়োগের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন সৌদি রিয়াল বা ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি ওই বছর সৌদি আরবের মোট বেসরকারি পুঁজি বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ। খবর আরব নিউজ।

সৌদি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি (এসভিসি) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গ্লোবাল ইনভেস্টমেন্ট ইন সৌদি অ্যারাবিয়াজ প্রাইভেট মার্কেটস শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে দেশটির ভেঞ্চার ক্যাপিটাল, বেসরকারি ইকুইটি ও ঋণ বাজারে আন্তর্জাতিক বিনিয়োগের প্রবাহ বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অধীনে দেশটি এখন বিনিয়োগের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এসভিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোরা আলসারহান জানান, সৌদি আরবের বেসরকারি বাজার এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক পুঁজিপতিরা এখন সৌদি আরবকে বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে বিবেচনা করছেন।

আমেরিকা, ইউরোপ ও এশিয়ার প্রায় ১৫০টি প্রতিষ্ঠান এ বাজারে যোগ দিয়েছে। আগে বাজারটি কেবল আঞ্চলিক বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

নোরা আলসারহান বলেন, ‘ঝুঁকি কমে আসা, বাজারে প্রবেশের সহজ পথ, উন্নত অবকাঠামো ও নির্ভরযোগ্য স্থানীয় অংশীদারদের কারণে এ আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনো) অঞ্চলের মধ্যে সৌদি আরবের বেসরকারি পুঁজির বাজার এখন সবচেয়ে সক্রিয়। এটি সম্ভব হয়েছে ব্যাপক অর্থনৈতিক সংস্কার ও আধুনিক নিয়মনীতির কারণে। ২০১৯ সাল থেকে সৌদি আরবের বেসরকারি বাজারে ৪০ বিলিয়ন সৌদি রিয়ালের বেশি বিদেশী বেসরকারি পুঁজি বিনিয়োগ করা হয়েছে।

এটি সৌদির দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রতি বিশ্ববাজারের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে দেখা হয়।

আরও