বিএসএমএর উদ্বেগ প্রকাশ

গ্যাসের দাম বাড়লে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে

শিল্পে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)।

শিল্পে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। তারা বলছে, গ্যাসের দাম বাড়ানো হলে স্থানীয় শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে।

বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, গত সরকারের সময় দফায় দফায় গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের ইস্পাত খাতের প্রতিষ্ঠানগুলো এখন অস্তিত্ব সংকটের মুখে। এ অবস্থায় গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানো হলে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে। নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে ইস্পাতসহ স্থানীয় সব উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে।

বিএসএমএর সভাপতি আরো বলেন, ‘‌গ্যাসের মূল্যবৃদ্ধির মতো পদক্ষেপে দেশের উদীয়মান ইস্পাত খাতের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং স্থানীয় বাজার আমদানিনির্ভর হয়ে পড়বে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়বে। তখন অবকাঠামো উন্নয়ন অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে।’

মোহাম্মদ জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, বিএসএমএর সদস্য প্রতিষ্ঠান অর্থাৎ ইস্পাত খাতের প্রতিষ্ঠানগুলোর উৎপাদন গ্যাসনির্ভর। গ্যাসের দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়ছে। এতে রডসহ এমএস পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।

আরও