২০২৫-২৬ বিপণন বর্ষ

আর্জেন্টিনার গম উৎপাদন ও রফতানিতে রেকর্ড

উন্নত প্রযুক্তির ব্যবহার ও অনুকূল আবহাওয়ার প্রভাবে ২০২৫-২৬ বিপণন বর্ষে আর্জেন্টিনায় রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে।

উন্নত প্রযুক্তির ব্যবহার ও অনুকূল আবহাওয়ার প্রভাবে ২০২৫-২৬ বিপণন বর্ষে আর্জেন্টিনায় রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। পাশাপাশি দেশটি থেকে খাদ্যশস্যটি রফতানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার সম্ভাবনা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষিসেবা (এফএএস) শাখা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এফএএসের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে আর্জেন্টিনায় গম উৎপাদন দাঁড়াবে রেকর্ড ২ কোটি ৭৫ লাখ টনে। আগের বিপণন বর্ষে ফলন হয়েছিল ১ কোটি ৮৫ লাখ টন।

এফএএস জানিয়েছে, গমের উচ্চ ফলনের পেছনে উন্নত বীজ, প্রযুক্তির ব্যবহার এবং শীতকালীন পর্যাপ্ত বৃষ্টিপাত প্রধান ভূমিকা রেখেছে। শস্য পুষ্ট হওয়ার সময়ে শীতল তাপমাত্রা এবং মাটির প্রয়োজনীয় আর্দ্রতা ফলন বৃদ্ধিতে সহায়তা করেছে।

২০২৫-২৬ বিপণন বর্ষে আর্জেন্টিনা থেকে রেকর্ড ১ কোটি ৭৫ লাখ টন গম রফতানির পূর্বাভাস দেয়া হয়েছে। এ গমের অন্যতম গন্তব্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মরক্কো। এছাড়া প্রায় তিন দশক পর গত ডিসেম্বরে আর্জেন্টিনা থেকে চীনে ১ লাখ ৬০ হাজার টন গম রফতানি হয়েছে। গমের পাশাপাশি আর্জেন্টিনার ভুট্টা ও বার্লি উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।

আরও