সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে (সিসিডিএল) থাকা সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির পর্ষদ। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১৮ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে কনফিডেন্স সিমেন্ট।
তথ্যানুসারে, কৌশলগত উদ্দেশ্য ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজনে সিসিডিএলে থাকা মোট ১৪ কোটি ৯ লাখ ৭৫ হাজার ১৫৭টি শেয়ার ১০ টাকা মূল্যে বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট। শেয়ারগুলো বিক্রি ও হস্তান্তর হবে কোম্পানিটির আরেক সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) অনুকূলে। শেয়ার বিক্রির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৫৭০ টাকা। এ বিষয়ে কনফিডেন্স সিমেন্ট ও সিপিএইচএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। শেয়ারহোল্ডাদের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কনফিডেন্স সিমেন্টের ইপিএস হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। এর আগের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
কনফিডেন্স সিমেন্টের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০। এর ৩০ দশমিক ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৬৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৩ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার রয়েছে।