চলতি বছরে বিশ্বজুড়ে ৩৩ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে কিয়া করপোরেশন। দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা কোম্পানিটির এ লক্ষ্য গত বছরের বিক্রির তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। খবর রয়টার্স।
কিয়া গত বছর মোট ৩১ লাখ ৩৫ হাজার ৮০৩টি গাড়ি বিক্রি করেছে। যদিও বিক্রির লক্ষ্য ছিল ৩২ লাখ ২০ হাজার ইউনিট। লক্ষ্য থেকে অল্প পিছিয়ে থাকলেও ২০২৫ সাল বার্ষিক বৈশ্বিক বিক্রিতে নতুন রেকর্ড গড়ে কিয়া, যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি।
দক্ষিণ কোরিয়ার বাইরে কিয়া গত বছর ২৫ লাখ ৮৪ হাজার ২৩৮টি গাড়ি বিক্রি করেছে। অন্যদিকে দেশটির স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৭৭৬ ইউনিট। মডেল ভিত্তিতে গত বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্পোর্টেজ এসইউভি। বিশ্বজুড়ে এ মডেলের ৫ লাখ ৬৯ হাজার ৬৮৮টি গাড়ি বিক্রি হয়েছে। তালিকার পরের অবস্থানে রয়েছে সেলটোস ও সোরেন্টো।
কিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন শুল্কের প্রভাব ও বৈশ্বিক শিল্পের অনিশ্চয়তা সত্ত্বেও গত বছর প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে কোম্পানি। এ সময় যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির বাজার সম্প্রসারণে মনোযোগ দিয়েছে। পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) সরবরাহ বাড়িয়ে ইউরোপের বাজারে অবস্থান আরো শক্তিশালী করেছে। ইভি৩, কে৪ সেডান ও কার্নিভাল হাইব্রিড মডেলের মতো প্রতিযোগিতামূলক গাড়িগুলো বিক্রির এ রেকর্ড গড়তে সহায়তা করেছে।