অক্টোবর-ডিসেম্বর

টয়োটার মুনাফা কমেছে ৪৩ শতাংশ

জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মুনাফায় বড় ধস নেমেছে।

জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মুনাফায় বড় ধস নেমেছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কমেছে। কাঁচামালের বাড়তি দাম এবং মার্কিন শুল্কনীতির কারণে কোম্পানিটি এমন সংকটে পড়েছে। খবর ইউরোনিউজ।

টয়োটার তথ্য অনুযায়ী, গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি ইয়েন (প্রায় ৬ হাজার ৮০০ কোটি ইউরো)। অথচ আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২ লাখ ১৯ হাজার কোটি ইয়েন।

টয়োটা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে কোম্পানিটির বড় অংকের লোকসান হয়েছে। গত বছর কোম্পানিটির পরিচালন মুনাফা থেকে কেবল শুল্কের কারণেই কমেছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি ইয়েন।

ব্যবসায়িক এ মন্দার মধ্যেই টয়োটা শুক্রবার শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্তা কন। আগামী এপ্রিলে কেন্তা কন টয়োটার নতুন প্রধান নির্বাহী (সিইও) ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে এ পদে থাকা কোজি সাতো এপ্রিলে দায়িত্ব ছেড়ে দেবেন। তবে কোজি সাতো প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন।

কোজি সাতো সাংবাদিকদের বলেন, ‘এ পরিবর্তন মূলত বড় ধরনের পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার একটি সংকেত। একে প্রতিষ্ঠানের ‘গিয়ার শিফট’ বা গতি পরিবর্তনের অংশ বলা যেতে পারে। কেন্তা কন মূলত প্রতিষ্ঠানের আয় বাড়ানোর ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। তার স্বয়ংক্রিয় গাড়ি তৈরির মতো আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।’

মুনাফা কমলেও বিশ্ববাজারে টয়োটার গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটি প্রায় ৭৩ লাখ গাড়ি বিক্রি করেছে। আগের বছর এ সময়ে বিক্রির পরিমাণ ছিল ৭০ লাখ। জাপান, উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে টয়োটার গাড়ির চাহিদা বেড়েছে। তবে শুল্ক বাধা ও যন্ত্রাংশের বাড়তি দাম এ সাফল্যকে ম্লান করে দিয়েছে।

নতুন সিইও কেন্তা কন জানিয়েছেন, টয়োটার কর্মীরা অনেক পরিশ্রমী। তবে তারা অনেক সময় পরিবর্তনের ব্যাপারে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকেন। কোম্পানিটিকে আরো গতিশীল করতে তিনি এ জড়তা কাটিয়ে উঠতে চান। টয়োটা বর্তমানে নিজেকে কেবল একটি গাড়ি নির্মাতা কোম্পানি নয়, বরং একটি আধুনিক ‘মোবিলিটি কোম্পানি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

আরও