রেকর্ড ৫২০ কোটি ডলার মুনাফা এমিরেটসের

সংস্থার সর্বশেষ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা করেছে এমিরেটস এয়ারলাইনস।

সংস্থার সর্বশেষ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৈশ্বিক উড়োজাহাজ পরিষেবায় ধীরগতির মধ্যে এটি একটি ব্যতিক্রম আর্থিক ফলাফল বলে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের এয়ারলাইনস সংস্থাগুলো সাম্প্রতিক মাসে বাড়তি খরচের চাপ ও দুর্বল বুকিংয়ের কারণে ভুগছে। এর বিপরীতে এমিরেটসের শক্তিশালী এ পারফরম্যান্স কভিড-১৯ মহামারীর পর এয়ারলাইনস শিল্পের পুনরুদ্ধার ও দুবাই থেকে কার্যক্রম পরিচালনার কৌশলগত সুবিধা তুলে ধরেছে।

অবশ্য বর্ধিত বাণিজ্যিক উত্তেজনা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা চলতি বছরের বাকি সময়ের জন্য এয়ারলাইনস শিল্পের পূর্বাভাসকে অস্পষ্ট করে তুলছে।

উপসাগরীয় অঞ্চলের প্রধান এ ক্যারিয়ার ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ১ হাজার ৯১০ কোটি দিরহাম বা ৫২০ কোটি ডলার নিট মুনাফা অর্জন করেছে। আগের বছরে এমিরেটসের মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৭২০ কোটি দিরহাম।

২০২৪-২৫ অর্থবছরে এমিরেটস ৫ কোটি ৩৭ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। একই সময়ে সংস্থাটির আসন সরবরাহ বেড়েছে ৪ শতাংশ।

দুবাইকে একটি বৈশ্বিক উড়োজাহাজ চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এমিরেটস এয়ারলাইনসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমিরেটসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের উড়োজাহাজের জন্য দুবাই একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল বা ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। সংস্থাটি এমিরেটস গ্রুপের অংশ, যাদের মালিকানায় রয়েছে একটি গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি এবং আকাশ পরিষেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এয়ারলাইন সংস্থাটির প্যারেন্ট কোম্পানি এমিরেটস গ্রুপও কর-পরবর্তী রেকর্ড মুনাফা করেছে এবার, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। সংস্থাটি জানিয়েছে, ৬০০ কোটি দিরহাম লভ্যাংশ হিসেবে দুবাইয়ের সভরেন ওয়েলথ ফান্ডে জমা দেয়া হবে। গ্রুপের চেয়ারম্যান ও সিইও শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এক বিবৃতিতে বলেন, ‘এমিরেটস গ্রুপ বিভিন্ন ভূরাজনৈতিক ও সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সফলতা অর্জন করেছে এবং স্থিতিশীল থেকেছে।’

বৈশ্বিক এয়ারলাইনস খাত সাম্প্রতিক বছরে বোয়িং ও এয়ারবাসের সরবরাহ সংকটের সঙ্গে লড়াই করছে। এ কারণে অনেক সংস্থা রুট সম্প্রসারণ ও ধারণক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা পিছিয়ে দিচ্ছে। এর মাঝেও এমিরেটস এয়ারলাইনসে যাত্রী ও কার্গো মিলিয়ে মোট পরিবহনক্ষমতা ৪ শতাংশ বেড়েছে।

এমিরেটস জানিয়েছে, নতুন জেটের ডেলিভারি দেরি হওয়ায় তারা রেট্রোফিট বা হালনাগাদ কর্মসূচিতে আরো ৯৯টি উড়োজাহাজ যুক্ত করেছে। সব মিলিয়ে এখন ২১৯টি উড়োজাহাজে পরিমার্জন চলছে। এতে খরচ হচ্ছে ৫০০ কোটি ডলার।

শেখ আহমেদ বলেন, ‘২০২৫-২৬ সালে ১৬টি এ৩৫০ ও চারটি বোয়িং ৭৭৭ ফ্রেইটার ডেলিভারির মাধ্যমে এমিরেটস নেটওয়ার্ক আরো শক্তিশালী করবে।’

আরও