পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ১ হাজার ৪১৮ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে বিএসআরএম লিমিটেডের ৭০৩ কোটি ও বিএসআরএম স্টিলসের ৭১৫ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। কোম্পানি দুটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের আয় হয়েছে ১০ হাজার ৯৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ হাজার ৬৬৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৫৭ পয়সা। সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল বিএসআরএম লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা।
বিএসআরএম স্টিলস সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ১২ হাজার ৯৪৯ কোটি টাকা আয় করেছে, আগের হিসাব বছরে যা ছিল ১০ হাজার ৩৬৭ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭৭ পয়সা। সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়।