ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম সামান্য বেড়েছে। তবে ভোজ্যতেলটির প্রধান ক্রেতাদেশগুলোয় কম চাহিদা ও রিঙ্গিতের শক্তিশালী বিনিময় হারের কারণে মূল্যবৃদ্ধি সীমিত পরিসরে ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম বেড়েছে টনে ৪ রিঙ্গিত বা প্রায় দশমিক শূন্য ৯ শতাংশ। এতে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৪ রিঙ্গিতে (১ হাজার ৬৮ ডলার ৫৫ সেন্ট)। যদিও দিনের শুরুতে দাম সর্বোচ্চ ২ দশমিক ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
মুম্বাইভিত্তিক সানভিন গ্রুপের গবেষণাপ্রধান অনিলকুমার বাগানি জানান, বৈশ্বিক ভোজ্যতেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে ভারতের মতো বড় আমদানিকারক দেশের চাহিদা না থাকায় এবং রিঙ্গিতের বিনিময় হার শক্তিশালী হওয়ায় দাম খুব বেশি বাড়েনি। গতকাল ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার দশমিক ৩১ শতাংশ শক্তিশালী হয়েছে। এতে বিদেশী ক্রেতাদের জন্য ভোজ্যতেলটি আরো ব্যয়বহুল হয়ে পড়ে।
এদিকে চীনের ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম দশমিক ৬২ শতাংশ ও পাম অয়েলের দাম কমেছে দশমিক ৬৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডেও (সিবিওটি) সয়াবিনের দাম কমেছে ১ শতাংশ।