জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইনের দিক থেকে অনেক সবল কিন্তু প্রয়োগের দিক থেকে দুর্বল বলে মন্তব্য করেছেন খোদ সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এনবিআর ভবনে গতকাল সকালে এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে এনবিআর গৃহীত কার্যক্রম নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের আয়কর, কাস্টমস ও ভ্যাট তিনটি আইনই রয়েছে। কিন্তু আমরা আইনের প্রয়োগে অনেক দুর্বল, যার উদাহরণ বাজারে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট। এটা আমাদের এনফোর্সমেন্টের বিষয়, আমরা অবৈধ সিগারেট উৎপাদনকারীদের ধরতে পারছি কিনা। কর পরিশোধ না করে যারা সিগারেট বাজারজাত করছে তাদের আইনের আওতায় আনছি কিনা। তার মানে আইনের প্রয়োগ করতে হবে।’
শুধু আইন দিয়ে রাজস্ব আদায় হবে না উল্লেখ করে আবদুর রহমান খান বলেন, ‘আইন দিয়ে কর কমাতে হবে। রাজস্ব আদায় করতে হবে এনফোর্সমেন্ট দিয়ে। এ জায়গায় আমরা সবচেয়ে দুর্বল।’
সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনলাইনে আয়কর রিটার্ন দেয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্যও প্রচার করা উচিত। সূক্ষ্ম বিষয় থাকতে পারে। গ্লাসের অর্ধেক দিকটা না দেখে, পানিভর্তি ওপরের দিকে তাকান।’
সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনা পরিবর্তন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) একেএম বদিউল আলম, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমানসহ কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।