সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক

৫৫ লাখ লিটার সয়াবিন তেল ও দেড় লাখ টন সার ক্রয়ের সিদ্ধান্ত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৮৭ কোটি টাকা। এছাড়া দেড় লাখ টন সার সংগ্রহের প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৯ কোটি ৩৫ লাখ টাকা।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) অষ্টম বৈঠকে মোট পাঁচটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এ তেল কিনতে মোট খরচ হবে ৮৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ১৫৭ টাকা ৯০ পয়সা।

আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ গত ২৯ জুন সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছিল। তখন ক্রয় কমিটিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের যে সিদ্ধান্ত হয়, এটাও সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে কেনার সিদ্ধান্ত ছিল। তখন প্রতি লিটারের দাম আরো ৭ টাকা ৪২ পয়সা কম ছিল।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে চতুর্থ লটে প্রায় ৩০ হাজার টন দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে, যার ক্রয়মূল্য ১২৯ কোটি ৩৫ লাখ টাকা। এতে প্রতি টন সারের দাম পড়বে ৩৫৯ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ৮৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় চীন, মরক্কো ও সৌদি আরবের তিনটি কোম্পানি থেকে ১ লাখ ২০ হাজার টন ডিএপি সার সংগ্রহ করা হবে। কোম্পানি তিনটি হলো চীনের বনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড, মরক্কোর ওসিপি ও সৌদি আরবের মা’আদেন।

চীন থেকে ডিএপি সার আমদানিতে মোট ব্যয় হবে ২৯৪ কোটি ৩৬ লাখ টাকা। প্রতি টনে খরচ পড়বে ৬১৩ দশমিক ২৫ মার্কিন ডলার। আর প্রতি টন ৫৯৮ দশমিক ৫০ ডলার হিসাবে মরক্কো থেকে সার আমদানিতে ব্যয় হবে ২৮৭ কোটি ২৮ লাখ টাকা। সৌদি আরব থেকে ৬০৬ মার্কিন ডলার দরে ডিএপি সার আমদানিতে খরচ হবে ২৯০ কোটি ৮৮ লাখ টাকা

আরও