যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চালু হয়েছে ইউনিভার্সাল অরল্যান্ডোর সবচেয়ে বড় প্রকল্প ইউনিভার্সাল এপিক ইউনিভার্স। প্রায় ৭০০ কোটি ডলার বিনিয়োগে তৈরি এ থিম পার্ক বিনোদন জগতে নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। ৭৫০ একর জায়গাজুড়ে এখানে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি, তুলে ধরা হয়েছে জনপ্রিয় সিনেমা ও গেম চরিত্র, সঙ্গে যোগ হয়েছে নানা ধরনের বিনোদনের দুনিয়া।
থিম পার্কটি মূলত পাঁচটি আলাদা জগতে ভাগ করা হয়েছে—হ্যারি পটার: মিনিস্ট্রি অব ম্যাজিক, সুপার নিনতেন্দো ওয়ার্ল্ড, হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন: আইল অব বার্ক, সেলেস্টিয়াল পার্ক ও ডার্ক ইউনিভার্স। প্রতিটি জগতে রয়েছে অ্যাডভেঞ্চার রাইড, লাইভ শো ও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা, যা উপভোগ করতে পারবে সব বয়সের দর্শক।
তবে শুধু রাইড নয়, পার্কটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। দর্শকের জন্য ফেসিয়াল রিকগনিশন লকার, পরিবারের জন্য আপডেটেড ফ্যামিলি রুম যেখানে থাকবে চেঞ্জিং টেবিল, টেলিভিশন, পানির ফোয়ারা ও টয়লেট—সব মিলিয়ে এটি যেন একটি আধুনিক ও পরিবারবান্ধব বিনোদন কেন্দ্র।
খাবারও এ পার্কের বড় আকর্ষণ। ইউনিভার্সাল অরল্যান্ডোর নির্বাহী সু-শেফ ক্রিস্টোফার কোলন বলেন, ‘এখানে অন্যান্য থিম পার্কের মতো সাধারণ খাবার নয়, বরং আমরা দারুণ মানের খাবার দিচ্ছি।’ পার্কের মূল কেন্দ্র সেলেস্টিয়াল পার্কে রয়েছে আটলান্টিক, পিজা মুন, ব্লু ড্রাগন প্যান এশিয়ান রেস্টুরেন্টসহ একাধিক খাবারের দোকান। আইল অব বার্কের ম্যাক অ্যান্ড চিজ কোনস আর পিজা মুনের উবে-ক্রাস্টেড পিজা লুনারে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০১১ সালে ইউনিভার্সাল অধিগ্রহণের পর এটি কমকাস্টের সবচেয়ে বড় বিনিয়োগ। অনেকে মনে করছেন, এ পার্ক ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ তাদের সর্বশেষ বড় সম্প্রসারণ ছিল ২০১৯ সালে।
ইউনিভার্সাল এপিক ইউনিভার্স শুধুই একটি থিম পার্ক নয়। এটিকে বিনোদনের ভবিষ্যৎ ও প্রতিযোগিতার স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
খবর ও ছবি ফক্স বিজনেস