চীনা আধিপত্য রুখতে ও মার্কিন কলকারখানার সুরক্ষা দিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।
পলিসিলিকন হলো সৌর প্যানেল ও সেমিকন্ডাক্টর তৈরির অন্যতম প্রধান কাঁচামাল। সাধারণ সিলিকনকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অতি-উচ্চমাত্রায় বিশুদ্ধ করার পর যে কঠিন পদার্থ পাওয়া যায়, তাকেই পলিসিলিকন বলে। এটি আধুনিক তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালগুলোর একটি।
সংশ্লিষ্ট চার সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সরকার এ কাঁচামাল ও এর থেকে তৈরি পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি পণ্যের সর্বনিম্ন আমদানি মূল্যও নির্ধারণ করে দেবে। নতুন ব্যবস্থার আওতায় পলিসিলিকন, ওয়েফার, সেল ও মডিউল বা সোলার প্যানেলে সর্বনিম্ন আমদানি মূল্য ধার্য থাকবে। একই সঙ্গে পলিসিলিকন থেকে উৎপন্ন সামগ্রীর ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের চিপ সরবরাহ শৃঙ্খলে চীনের দ্রুত বিস্তার ঠেকানোই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। প্রস্তাবিত নতুন শুল্ক ও আমদানি মূল্যের বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে হোয়াইট হাউজ বা মার্কিন বাণিজ্য বিভাগ সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।