আগস্ট

ইইউর গাড়ি বাজারে ইভির হিস্যা বাড়ছে

২০২৪ সালের একই সময়ের তুলনায় গত আগস্টে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্যাসেঞ্জার কার বা যাত্রীবাহী গাড়ি বাজার ৫ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হয়েছে।

২০২৪ সালের একই সময়ের তুলনায় গত আগস্টে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্যাসেঞ্জার কার বা যাত্রীবাহী গাড়ি বাজার ৫ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এতে বড় ধরনের প্রভাব ফেলেছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) জনপ্রিয়তা বৃদ্ধি। ওই মাসে ৬ লাখ ৭৭ হাজার ৭৮৬টি নতুন গাড়ির নিবন্ধন হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন। খবর আনাদোলু।

আগস্টে ইউরোপ, ইইউ, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন-ভুক্ত দেশ ও যুক্তরাজ্যে নতুন গাড়ি বিক্রয় হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৩৪৯ ইউনিট, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি।

ইইউর প্রধান গাড়ি বাজারগুলোর মধ্যে বিক্রি প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে স্পেন। দেশটিতে গাড়ি বিক্রি বেড়েছে ১৭ দশমিক ২ শতাংশ। এরপর জার্মানিতে বিক্রি বেড়েছে ৫ শতাংশ। তবে এ প্রবণতা অনুসরণ করেনি নেদারল্যান্ডস ও ইতালি, দেশ দুটিতে বিক্রি কমেছে ২ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদন অনুসারে ইউরোপে গাড়ির বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইভি। আগস্টে ব্যাটারি-ভিত্তিক ইভি (বিইভি) বিক্রি ৩০ দশমিক ২ শতাংশ বেড়ে ১ লাখ ২০ হাজার ৭৯৭ ইউনিটে পৌঁছেছে, যা মোট নতুন গাড়ি বিক্রয়ের ১৭ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে স্পেনে বিইভি বিক্রি বেড়েছে ১৬০ দশমিক ৮ শতাংশ। জার্মানি ও ফ্রান্সে এ হার যথাক্রমে ৪৫ দশমিক ৭ ও ২৯ দশমিক ৩ শতাংশ।

অন্যান্য গাড়ির মধ্যে আগস্টে ইইউর বাজারে হাইব্রিড ইভি (এইচইভি) গাড়ির হিস্যা ছিল ৩৩ দশমিক ৯ শতাংশ। এ প্রযুক্তির গাড়ির নিবন্ধন ১৪ দশমিক ১ শতাংশ বেড়ে ২ লাখ ২৪ হাজার ৯৭০ ইউনিটে পৌঁছেছে। অন্যদিকে প্লাগ-ইন হাইব্রিড ইভির (পিএইচইভি) বিক্রি ৫৪ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৭০ হাজার ৫৪৫ ইউনিট।

ইভি বিক্রি বাড়ার বিপরীতে সনাতনী কম্বাশ্চন ইঞ্জিনচালিত গাড়ি বিক্রিতে তীব্র পতন দেখা গেছে আগস্টে। পেট্রলচালিত গাড়ির নিবন্ধন কমেছে ১৬ দশমিক ৩ শতাংশ, বাজার হিস্যা এখন ২৬ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে ডিজেল গাড়ির নিবন্ধন কমেছে ১৭ দশমিক ৫ শতাংশ। এতে বাজার হিস্যা কমে হয়েছে ৮ দশমিক ৮ শতাংশ।

আরও