পাম জুমেইরায় ভিলার দাম ১৩ মাসে দ্বিগুণের বেশি

দুবাইয়ের বিলাসবহুল আবাসন বাজার আরেকটি মাইলফলক অর্জন করল।

দুবাইয়ের বিলাসবহুল আবাসন বাজার আরেকটি মাইলফলক অর্জন করল। প্রপটেক প্রতিষ্ঠান স্মার্টক্রাউড পাম জুমেইরার ক্যানাল কোভের তিন বেডরুমের একটি ভিলা ২ কোটি ৪০ লাখ দিরহাম বা ৬৫ লাখ ৪০ হাজার ডলারের সমপরিমাণ অর্থে বিক্রি করেছে।

লেনদেনটি ক্যানাল কোভ এলাকার জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রয়মূল্য হিসেবে নথিভুক্ত হয়েছে। একই সঙ্গে দুবাইয়ের বিলাসবহুল আবাসন খাতে প্রযুক্তিনির্ভর বিনিয়োগ কৌশলের ক্রমবর্ধমান প্রভাবও তুলে ধরেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৩ মাস আগে ১ কোটি ১৩ লাখ দিরহাম বা ৩০ লাখ ৮০ হাজার ডলারের সমতুল্য দামে ভিলাটি কিনেছিল স্মার্টক্রাউড। অর্থাৎ বছর ঘুরতেই দাম বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।

এর আগে ক্যানাল কোভে ভিলার সর্বোচ্চ বিক্রয়মূল্য ছিল ১ কোটি ৮৫ লাখ দিরহাম। নতুন এ বিক্রয়মূল্য সে তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এ লেনদেনের মাধ্যমে স্মার্টক্রাউডের বিনিয়োগকারীরা পেয়েছেন ২৫ শতাংশের বেশি নিট রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরওআই)।

ভিলাটির সংস্কারকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই চুক্তিটি সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চমূল্যের এ আবাসন বাজারে ক্রেতাদের আস্থা ও দ্রুত প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বেশ শক্তিশালী হয়ে উঠেছে।

প্রপটেক প্লাটফর্মগুলো রিয়েল এস্টেট লেনদেনে সিদ্ধান্ত নেয়ার পুরো প্রক্রিয়াকে ডাটা ও প্রযুক্তিনির্ভর করে তুলেছে। এতে স্মার্টক্রাউডের মতো কোম্পানিগুলোর স্বল্পমেয়াদি বিনিয়োগ কৌশল (ফ্লিপ) দ্রুত ক্রেতাদের সামনে পৌঁছে যাচ্ছে। এ বিষয়ে কোম্পানির সিইও রিজ আহমেদ বলেন, ‘ভিলা বিক্রির মাইলফলকটি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের শক্তি ও প্রাইম সম্পদের মূল্যবৃদ্ধিতে আমাদের দলের সক্ষমতাকে স্পষ্টভাবে তুলে ধরে। পূর্বাভাসের তুলনায় ৩০ শতাংশ বেশি দামে বিক্রি আমাদের ফ্লিপ কৌশলের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরো দৃঢ় করেছে এবং দুবাইয়ের বিলাসবহুল আবাসন বাজারের শক্তিমত্তা প্রমাণ করেছে।’

স্মার্টক্রাউড এ পর্যন্ত ৬০টির বেশি সম্পত্তি বিক্রি করেছে। এ বাবদ আয় করেছে ২২ কোটি দিরহাম বা ৫ কোটি ৯৯ লাখ ডলারের বেশি অর্থ।

২০২৫ সালের বাজার প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে প্রাইম আবাসন খাতে দুই অংকের প্রবৃদ্ধি দেখা গেছে। বিলাসবহুল সম্পত্তির লেনদেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে।

খবর অ্যারাবিয়ান বিজনেস

আরও