গত বছর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সফল হলেও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বাতিলের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে চলতি বছরেও বড় অংকের লোকসানের আশঙ্কা প্রকাশ করেছে ব্র্যান্ডটি। খবর রয়টার্স।
পুমার পক্ষ থেকে গতকাল জানানো হয়, ২০২৬ সালে কোম্পানির পরিচালন লোকসান হতে পারে ৫ কোটি থেকে ১৫ কোটি ইউরো (৫ কোটি ৯০ লাখ থেকে ১৭ কোটি ৭০ লাখ ডলার)। ২০২৫ সালেও কোম্পানিটি ৩৫ কোটি ৭২ লাখ ইউরোর বিশাল পরিচালন লোকসান গুনেছিল। অন্যদিকে তার আগের বছর প্রতিষ্ঠানটি ৫৪ কোটি ৮৭ লাখ ইউরো নিট মুনাফা করেছিল।
গত চার বছর শেয়ারবাজারে ধারাবাহিকভাবে দরপতন হলেও গতকাল লেনদেনের শুরুতে পুমার শেয়ারদর ৩ শতাংশের বেশি বেড়েছে। মূলত ২০২৫ সালে কোম্পানির লোকসান বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে না যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে পুমার এ দুর্দিনে বড় ধরনের সহায়তার আশ্বাস মিলেছে চীনের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড আন্টা থেকে। পুমার ২৯ শতাংশ শেয়ার কিনে নেয়ার পর আন্টা এখন প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অংশীদার। চীনা কোম্পানিটি জানিয়েছে, বিশ্ববাজারের পাশাপাশি বিশেষ করে চীনের বিশাল বাজারে পুমার বিক্রি বাড়াতে সরাসরি সহযোগিতা করা হবে।