ওয়াশিংটন পোস্টে আরো ছাঁটাই

জেফ বেজোসের মালিকানাধীন ‘ওয়াশিংটন পোস্ট’ আরেক দফা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

জেফ বেজোসের মালিকানাধীন ‘ওয়াশিংটন পোস্ট’ আরেক দফা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে ১০০-এর মতো কর্মী বাদ পড়বেন, যা মোট জনশক্তির ৪ শতাংশ। ক্রমবর্ধমান লোকসান এড়াতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর বিবিসি।

নতুন এ ছাঁটাই মূলত পত্রিকার ব্যবসা বিভাগের ওপর প্রভাব ফেলবে। এমন সময়ে এ ঘোষণা এল যখন ওয়াশিংটন পোস্টে নানা ধরনের টানাপড়েন চলছে। জেফ বেজোস সম্প্রতি ঐতিহ্যের বিপরীতে গিয়ে নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের পক্ষে লেখা ছাপানো বন্ধ করে দেন। ফলে আড়াই লাখ পাঠক সাবস্ক্রিপশন বাতিল করেন।

২০২৩ সালে ওয়াশিংটন পোস্ট ৭ কোটি ৭০ লাখ ডলার লোকসান দিয়েছে। একই সময়ে ওয়েবসাইটে পাঠক কমে যাওয়ার তথ্য দেয়া হয়। ওই বছরই ১০ শতাংশ জনশক্তি কমানোর উদ্দেশে পত্রিকাটি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দেয়।

রাজনৈতিক টানাপড়েনে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট থেকে কয়েকজন খ্যাতিমান সাংবাদিক পদত্যাগ করেন। এর মধ্যে রয়েছেন অনুসন্ধানী প্রতিবেদক জোশ ডসি। তিনি ওয়াল স্ট্রিট জার্নালে যোগদানের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ব্যবস্থাপনা সম্পাদক মাতেয়া গোল্ড প্রতিদ্বন্দ্বী দ্য নিউইয়র্ক টাইমসে যোগ দিচ্ছেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেফ বেজোস ও অন্য ধনকুবেরদের সম্পর্ক চিত্রিত করা ব্যঙ্গচিত্র ছাপতে অস্বীকার করায় সম্প্রতি ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস।

আরও