বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় বেড়েছে সাড়ে ১৬ শতাংশ। আয় বৃদ্ধির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির লোকসানও কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডেসকোর আয় হয়েছে ৫ হাজার ৪১০ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪ হাজার ৬৪৪ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ডেসকোর কর-পরবর্তী লোকসান হয়েছে ৭৮ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৭০ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।
চলতি হিসাব বছরে প্রথম তিন প্রান্তিকে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৮১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১৬ পয়সায়।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ডেসকোর আয় হয়েছে ১ হাজার ৫৩৬ কোটি ১৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৩০৮ কোটি ৯৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ৭২ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭৫ কোটি ৩৮ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৯ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৬২ পয়সায়।
কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকোর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৬৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৬৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ ও বাকি ৮ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।