যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির আলোচনা ইউক্রেনের

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির অর্থনীতিবিষয়কমন্ত্রী ওলেক্সি সোবোলেভ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

তিনি বলেন, ‘রুশ হামলার কারণে আমরা প্রাকৃতিক গ্যাস উৎপাদনের একটি অংশ হারিয়েছি। তাই মার্কিন এলএনজি ও কম্প্রেসার সরঞ্জাম কেনার অর্থায়ন কাঠামো নিয়ে আলোচনা করছি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গ্যাস স্থাপনাগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী সভেতলানা হ্রিনচুক গত সপ্তাহে বলেন, ‘অবকাঠামোয় বিমান হামলার পর দেশটি প্রাকৃতিক গ্যাস আমদানি ৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে।’

এর আগে চলতি মাসের শুরুতে ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান জানান, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ কোটি ঘনমিটার এলএনজি ক্রয় করেছে, যার বেশির ভাগ এরই মধ্যে গন্তব্যে পৌঁছেছে।

আরও