গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ঋণমান অবনমন হয়েছে। কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। এর আগে কোম্পানিটির ঋণমান ছিল দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে গ্লোবাল হেভি কেমিক্যালসের সর্বশেষ ঋণমান প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৮ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৫ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৩ টাকা ৬৮ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্যান্য বিনিয়োগকারীকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের ইপিএস হয়েছিল ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৬৫ পয়সায়।
সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৪৬ পয়সায়।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১৬৪ কোটি ১৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। এর মধ্যে ৬৮ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ১১ দশমিক ১৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২০ দশমিক ২৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।