সংবাদ সম্মেলনে গভর্নর

পাঁচ ব্যাংকের মুনাফা না দেয়ার সিদ্ধান্ত হয়েছে শরিয়াহসম্মতভাবে

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই বছরের মুনাফা না দেয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা শরিয়াহসম্মত উপায়েই নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই বছরের মুনাফা না দেয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা শরিয়াহসম্মত উপায়েই নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘২০২৪ ও ২০২৫ সালে ব্যাংকগুলো কোনো মুনাফা অর্জন করতে পারেনি। এসব ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ীই আমানতকারীদের দুই বছরের মুনাফা দেয়া হচ্ছে না। তবে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ মুনাফা দেয়া হচ্ছে।’ কেন্দ্রীয় ব্যাংকে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গভর্নর।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘কোনো কোনো ব্যাংকের ৯৭-৯৮ শতাংশ ঋণ খেলাপি থাকার পরও তারা গ্রাহকদের কীভাবে মুনাফা দিয়েছে জানি না। এর পরও ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্ত হওয়া কোনো মুনাফা কর্তন করছি না। শুধু গত দুই বছরের মুনাফা দেয়া হচ্ছে না। ব্যাংকগুলো এ সময়ে কোনো মুনাফাই অর্জন করতে পারেনি, আমানতকারীদের কোথা থেকে মুনাফা দেবে? ইসলামী অর্থায়নের রীতিনীতি অনুযায়ীই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে এ ক্ষেত্রে গ্রাহকদের মূল আমানতে হস্তক্ষেপ করা হচ্ছে না বলেও জানান তিনি।

গভর্নর আরো বলেন, ‘জমাকৃত আমানতের ওপর ২০২৬ সাল থেকে পূর্ণাঙ্গ বাজারভিত্তিক মুনাফা দেয়া হবে। গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেয়া হয়েছে। কারো যদি এর বেশি টাকা লাগে, তাহলে তিনি আমানতের বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন।’

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘দুজন স্বতন্ত্র পরিচালক মনোনয়নের বিষয় প্রায় চূড়ান্ত। তারা দুজনই ব্যাংকার। কিছু কারিগরি বিষয় আছে, সেগুলো নিশ্চিত হলেই তাদের নিয়োগ দেয়া হবে।’

পাঁচ ব্যাংকে ফরেনসিক অডিটের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, ‘ব্যাংকগুলো থেকে কারা ঋণ নিল কিংবা দিল, সব বিষয়ে ফরেনসিক অডিট হচ্ছে। এ কার্যক্রম শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর যারা এরই মধ্যে ভুয়া অডিট করেছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে জানানো হয়েছে।’

আরও