মূল্যস্ফীতির উদ্বেগ নিয়ে সুদহার অপরিবর্তিত রেখেছে বিওই

মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)।

মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকরা এও বলছেন, অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসের বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপ রয়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি কমলে আগামী মাসগুলোয় সুদহার কমানোর পথ খুলতে পারে। খবর দ্য গার্ডিয়ান।

বিওইর নয় সদস্যের মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বশেষ বৈঠকে পাঁচ সদস্য ঋণ বাবদ সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। এমন এক সময় পদক্ষেপটি নেয়া হলো যখন নভেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় কম প্রবৃদ্ধি ও কম মূল্যস্ফীতির আশা করছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন বিওইর গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, ‘বসন্ত নাগাদ মূল্যস্ফীতি আবার প্রায় ২ শতাংশে নেমে আসবে বলে আমরা আশা করছি। এটা ভালো খবর। তবে মূল্যস্ফীতির হার যেন প্রত্যাশিত থাকে, সেটি নিশ্চিত করতে হবে। তাই আমরা সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছি। সবকিছু ঠিক থাকলে এ বছর সুদহার কমানোর সুযোগ থাকবে।’

একই দিন প্রকাশিত সর্বশেষ মুদ্রানীতি প্রতিবেদনে এমপিসি জানিয়েছে, চলতি বছর যুক্তরাজ্যের জিডিপি দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। যদিও গত নভেম্বরের পূর্বাভাসে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছিল।

নভেম্বরের শেষ দিকে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস মূল্যস্ফীতি কমাতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেন। এসব পদক্ষেপ সুদহার আরো কমানোর পথ প্রশস্ত করবে বলে জানিয়েছিলেন তিনি। রিভসের পরিকল্পনা অনুসারে, হ্রাসকৃত পরিষেবা বিল ও রেলভাড়ায় স্থগিতাদেশ এপ্রিল থেকে কার্যকর হবে।

আরও