ক্ষুধা লাগুক বা না লাগুক, অনলাইনে খাবার অর্ডার করার অভিজ্ঞতা এখন উপভোগ করা যাচ্ছে খাবার ছাড়াই। ভারতের ‘ফুড নেভারকামস’ নামের একটি ওয়েবসাইটে ঢুকে পছন্দের খাবার বেছে নেয়া যায়, ভার্চুয়াল কার্টে যোগ করা যায় এবং চেকআউটও করা যায়। এমনকি খাবার নিয়ে একজন ডেলিভারি কর্মী আসছেন—এমন ভুয়া অভিজ্ঞতাও তৈরি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো খাবার পৌঁছায় না। কারণ শুরু থেকেই পুরো অর্ডারটি ছিল একটি ভার্চুয়াল অভিজ্ঞতা মাত্র।
‘অর্ডার দ্য ফুড। স্কিপ দ্য বিল’—এ বার্তা নিয়েই তৈরি হয়েছে সাইটটি। এর স্লোগানে বলা আছে, ‘খাবার না আসলেও ডোপামিন আসে।’
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের দুই সফটওয়্যার ডেভেলপার পুরভানশ পারমার ও অংশুল শর্মা মিলে তৈরি করেছেন ফুডনেভারকামস। জুনে চালুর পর থেকে সাইটটিতে ২৭ লাখের বেশি মানুষ প্রবেশ করেছেন বলে জানান তারা।
সাইটটিতে এখন ২২টি কাল্পনিক রান্নাঘর রয়েছে। আছে ৩২৭টি খাবারের তালিকা ও ৩১৯টি বাস্তব রেসিপি। প্রতিটি খাবারের সঙ্গে ভুয়া দাম, সিমুলেটেড চেকআউট ও কাল্পনিক ডেলিভারি অভিজ্ঞতাও রাখা হয়েছে। ব্যবহারকারী খাবারের ছবি ও তালিকা দেখে অর্ডারের পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন। কিন্তু এর জন্য কোনো অর্থ খরচ করতে হয় না।
ফুডনেভারকামস ইন্টারনেটের নতুন ধরনের একটি প্রবণতার অংশ। একে বলা হচ্ছে ‘ডোপামিন সাইট’। এসব ওয়েবসাইটে বাস্তবে কোনো পণ্য বা সেবা না কিনেও কেনাকাটা বা ভ্রমণের অভিজ্ঞতা নেয়া যায়। কোথাও ভুয়া শপিং করা যায়, কোথাও খাবার অর্ডারের অভিজ্ঞতা পাওয়া যায়। আবার কোনো কোনো সাইটে ছুটির ভ্রমণের পরিকল্পনাও করা যায়।
ডোপামিন শপ ও ফেকহোলের মতো সাইটগুলোও কেনাকাটা, খাবার সরবরাহ ও ভ্রমণের অভিজ্ঞতা ভার্চুয়ালি দেয়ার চেষ্টা করছে।
উদ্যোক্তা পারমারের মতে, অনেক সময় মানুষের আসল চাহিদা খাবার নয়। বরং খাবার অর্ডার করার প্রক্রিয়াটিই আনন্দের কারণ হতে পারে।
ইয়েল সেন্টার ফর কাস্টমার ইনসাইটসের পরিচালক রবি ধর এ অনুভূতিকে ‘অ্যান্টিসিপেটরি ইউটিলিটি’ বা প্রত্যাশিত ভোগের আনন্দ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে, কোনো কিছু পাওয়ার আগে সেটি নিয়ে অপেক্ষা ও কল্পনাও আনন্দের অংশ হয়ে উঠতে পারে। নতুন জুতা, ভ্রমণ বা রেস্তোরাঁর খাবারের ক্ষেত্রে এমনটি দেখা যায়।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী কেন্ট বেরিজ ‘চাওয়া’ ও ‘পছন্দ’কে আলাদা প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, কোনো কিছু পাওয়ার তাগিদ ও তা পাওয়ার পরের আনন্দ এক বিষয় নয়। খবর বিবিসি