মার্কিন রেল নিয়ন্ত্রক সংস্থা

ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাউদার্ন একীভূতকরণের আবেদন অসম্পূর্ণ

যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ রেল পরিবহন কোম্পানি ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাউদার্নের ৮ হাজার ৫০০ কোটি ডলারের প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়াটি বর্তমানে বাধার মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ রেল পরিবহন কোম্পানি ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাউদার্নের ৮ হাজার ৫০০ কোটি ডলারের প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়াটি বর্তমানে বাধার মুখে পড়েছে। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় মার্কিন রেল নিয়ন্ত্রক সংস্থা সারফেস ট্রান্সপোর্টেশন বোর্ড (এসটিবি) একীভূতকরণের আবেদনটি সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ডিসেম্বরে জমা দেয়া আবেদনে বাজার অংশীদারত্বের প্রক্ষেপণ এবং প্রতিযোগিতার ওপর প্রভাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। খবর রয়টার্স।

রেল খাতের দুই কোম্পানি একীভূতকরণের বিষয়ে গত শুক্রবার পর্যবেক্ষণ জানিয়েছে এসটিবি। এতে বলা হয়েছে, ২০০১ সালে গৃহীত কঠোর নীতিমালার অধীনে প্রথমবারের মতো কোনো বড় রেল একীভূতকরণের আবেদন পর্যালোচনা করা হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারী কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে একীভূতকরণ কেবল বিদ্যমান প্রতিযোগিতাকে টিকিয়ে রাখবে না, বরং তা আরো বাড়াবে। একই সঙ্গে জনস্বার্থে এ একীভূতকরণের সুনির্দিষ্ট সুবিধাগুলোও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

রেল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, উপকূলীয় রেল সংযোগ বৃদ্ধির কথা বললেও কোম্পানি দুটি কেবল ২০২৩ সালের বাজার তথ্য দিয়েছে। একীভূত হওয়ার কয়েক বছর পর কোম্পানির বাজার অবস্থান কেমন হতে পারে, সে বিষয়ে আবেদনে কোনো পূর্বাভাস দেয়া হয়নি।

এর আগে গত জানুয়ারিতে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে এ বিষয়ে অভিযোগ তোলে। প্রতিষ্ঠানটির দাবি, আবেদনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট পক্ষগুলো এ একীভূতকরণের প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবিত একীভূতকরণ পরিকল্পনায় প্রকাশ্য সমর্থন দিয়েছেন। তার প্রশাসন সাধারণত বড় ধরনের ব্যবসায়িক চুক্তিগুলো সরাসরি আটকে দেয়ার পরিবর্তে অনুমোদন বা শর্তসাপেক্ষে সংস্কার করার পক্ষে থাকে। আগের বাইডেন প্রশাসনের সময় এ ধরনের একীভূতকরণের বিষয়টি অকল্পনীয় ছিল। কারণ ওই প্রশাসন বড় কোম্পানিগুলোর একীভূতকরণ ঠেকাতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিল।

গত ১৯ ডিসেম্বর প্রায় সাত হাজার পৃষ্ঠার আবেদন জমা দিয়েছিল ইউনিয়ন প্যাসিফিক ও নরফোক সাউদার্ন। সেখানে কোম্পানি দুইটি দাবি করেছিল, একীভূত হওয়ার ফলে রেল পরিষেবার মান বাড়বে এবং ট্রাকের ওপর চাপ কমিয়ে পণ্য পরিবহন আরো সহজ হবে। তবে এসটিবি স্পষ্ট করে জানিয়েছে, আবেদনটি ফেরত পাঠানোর মানে এই নয় যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেল কোম্পানি দুটি পুনরায় আবেদন করার সুযোগ পাবে।

আরও