সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জিরা আমদানি কমেছে। গতকাল বন্দরসংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে ভালো চাহিদা না থাকা জিরা আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে। ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩৯২ টন। যার মূল্য ছিল ১৭ কোটি ৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ২১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ৫১১ টন জিরা আমদানি হয়েছে। এ হিসাবে ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ১১৯ টন।
অন্যদিকে আমদানি কমে গেলেও সাতক্ষীরার মসলাবাজারে জিরার দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার খুচরা ব্যবসায়ীরা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের মুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স রউফ স্টোরে ভারত থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরার দাম ছিল ৬০০-৬২০ টাকা। এ সময় তুরস্ক ও সিরিয়া থেকে আমদানীকৃত জিরার দাম ছিল যথাক্রমে কেজিপ্রতি ৮০০ ও ৮২০ টাকা, দুই সপ্তাহ আগেও একই দামে জিরা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুর রউফ।
ভোমরা স্থলবন্দরের জিরা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘দেশের মসলা বাজারে ভালো চাহিদা না থাকায় তার প্রতিষ্ঠান জিরা আমদানি কিছুটা কমিয়েছে।’