বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও টোল কালেক্টরবিহীন ক্যাশলেস ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এ ব্যবস্থা চালুর ফলে এখন বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ ও মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।
ভবিষ্যতে আরো কয়েকটি ফাইন্যান্সিয়াল অ্যাপ এ সেবার আওতায় যুক্ত হবে এবং নতুন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার সংযুক্তির কাজ চলছে বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।
গত ১৫ সেপ্টেম্বর ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুতে ইটিসি সিস্টেমের লাইভ পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে এ সেবার পরিসর বৃদ্ধি করা হয়। এরই মধ্যে ইটিসি সিস্টেমের মাধ্যমে মোট ১ হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে এবং ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা টোল আদায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় ইটিসি সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। তাদের আশা, ইটিসি ব্যবস্থা চালু হওয়া দেশের টোল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় হ্রাস করবে। এ উদ্যোগের মাধ্যমে টোল আদায় প্রক্রিয়া ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে এবং আরো দ্রুত ও স্বচ্ছ হয়েছে।
সেবাটি পেতে বিকাশ অ্যাপের ‘টোল’ অপশনে গিয়ে ‘মোটরযান রেজিস্ট্রেশন করুন’ অংশে গাড়ির নম্বর ও চেসিস নম্বরের শেষ চার ডিজিট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ব্যবহারকারীকে ফিরতি এসএমএসে একটি আইডি পাঠানো হবে। ওই আইডি দিয়ে বিকাশ অ্যাপের ‘পে বিল’ অপশনের ‘ডি-টোল টপ-আপ’ সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে। পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার রেজিস্ট্রেশন বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ প্রথমবারের মতো যাচাইয়ের পর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইটিসি লেন ব্যবহার করে যানবাহন নির্বিঘ্নে পারাপার হতে পারবে। —বিজ্ঞপ্তি