ট্রাম্পের শুল্কের প্রভাব

যুক্তরাষ্ট্রে কারখানা স্থানান্তরের ভাবনা সুইস আর্মি নাইফ নির্মাতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাব কমাতে উৎপাদনের কিছু অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথা বিবেচনা করছে সুইস আর্মি ছুরি নির্মাতা ভিক্টোরিনক্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাব কমাতে উৎপাদনের কিছু অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথা বিবেচনা করছে সুইস আর্মি ছুরি নির্মাতা ভিক্টোরিনক্স। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে আমদানির ওপর শুল্ক ৩৯ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ওয়াশিংটন, যা সুইস কোম্পানিটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। খবর রয়টার্স।

ভিক্টোরিনক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কার্ল এলসেনার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের কিছু অংশ স্থানান্তরের কথা ভাবছেন। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত ছুরি প্রক্রিয়াকরণের সর্বশেষ ধাপগুলো এর মধ্যে রয়েছে।

তিনি বলেন, ‘এ পদক্ষেপের ফলে শুল্ক দিতে হবে এমন পণ্যের মূল্য ১০-১৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখা সম্ভব।’

যুক্তরাষ্ট্র ভিক্টোরিনক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখান থেকে তাদের মোট আয়ের প্রায় ১৩ শতাংশ আসে। কার্ল এলসেনার জানিয়েছেন, ডলারের বিপরীতে সুইস ফ্রাঁর উচ্চ বিনিময় হারের কারণে তাদের প্রতিযোগিতা সক্ষমতা ও মুনাফার হার আগে থেকে চাপের মুখে রয়েছে। এর সঙ্গে নতুন করে শুল্ক বৃদ্ধি তাদের জন্য সংকট বড় করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ভিক্টোরিনক্সের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ কারণে নতুন করে বর্ধিত শুল্কের প্রভাব আগামী বছরের শুরু পর্যন্ত কোম্পানির ওপর পড়বে না। যা কোম্পানিকে ব্যবসা কৌশল নিয়ে ভালোভাবে ভেবে দেখার পর্যাপ্ত সময় দেবে।

ভিক্টোরিনক্স সুইজারল্যান্ডের শভিৎস প্রদেশের আইবাখ শহরে অবস্থিত পারিবারিক মালিকানাধীন ছুরি ও ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এটি ১৮৮৪ সাল থেকে সুইস আর্মি ছুরি তৈরি করছে। ফলে ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে উৎপাদন কাজের কিছু অংশ স্থানান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বেশ সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরও