ভারতে এখনো চাহিদার তুলনায় সরবরাহ বেশি চালের। এ কারণে চলতি সপ্তাহে খাদ্যশস্যটির দাম আগের সপ্তাহের তুলনায় স্থিতিশীল আছে। অন্যদিকে বাথের বিনিময় হার বেড়ে যাওয়ায় এ সময় থাইল্যান্ডে কমেছে চালের দাম। এছাড়া নিম্নমুখী চাহিদাও দেশটিতে খাদ্যশস্যটির দাম কমার অন্যতম কারণ। খবর বিজনেস রেকর্ডার।
ভারতের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম চলতি সপ্তাহে রয়েছে টনপ্রতি ৩৮২-৩৮৭ ডলার। এ সময় ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম টনে ৩৭৫-৩৮১ ডলারের মধ্যে রয়েছে। আগের সপ্তাহেও দেশটিতে একই দামে চাল বেচাকেনা হয়েছে।
এ বিষয়ে একটি গ্লোবাল ট্রেড হাউজের নয়াদিল্লিভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘চাহিদা এখনো কম। ক্রেতারা শুধু প্রয়োজনমতো চাল ক্রয় করছেন। কারণ রফতানিকারক দেশগুলোয় বাড়তি সরবরাহ আছে এ বিষয়ে তারা অবগত।’
ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, দেশটির ৫ শতাংশ খুদযুক্ত চাল বৃহস্পতিবার টনপ্রতি ৩৮২ ডলারে বেচাকেনা করা হয়েছে। এটি গত সপ্তাহের ৩৮৩ ডলারের তুলনায় কিছুটা কম।
ফুড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নুয়েন নক নাম বলেন, ‘বুধবার ডোনাল্ড ট্রাম্পের ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা স্বল্পমেয়াদে চাল উৎপাদন বা রফতানিতে কোনো প্রভাব ফেলবে না।’
থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম চলতি সপ্তাহে রয়েছে টনপ্রতি ৩৮০ ডলার। এটি গত সপ্তাহের ৩৮৫-৩৯০ ডলারের তুলনায় কম।
এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, বাথের বিনিময় হার বেড়ে যাওয়ায় চালের দাম কমছে। এছাড়া চাহিদাও অনেক কম।
সরবরাহ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং ব্যবসায়ীরা আশা করছেন, আগস্ট নাগাদ আরো বেশি সরবরাহ বাজারে আসবে।