এমসিসিআই’র গোলটেবিল বৈঠক

প্রতিযোগিতামূলক সক্ষমতা রক্ষায় পূর্বানুমানযোগ্য, ও টেকসই জ্বালানি ব্যবস্থার আহবান

অনু্ষ্ঠানে বাংলাদেশ বিজনেস ইনডেক্স (বিবিএক্স) ২০২৪-২৫-এর তথ্য তুলে ধরে দেখানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে ব্যবসায়িক অবকাঠামোর সূচক ৭১ দশমিক ১ থেকে কমে ২০২৪-২৫ অর্থবছরে ৬৮ দশমিক ৮-এ নেমেছে। জরিপে অংশ নেয়া ৭৪ দশমিক ২ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, তারা মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হন।

বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা রক্ষায় পূর্বানুমানযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে বিদ্যমান বিনিয়োগ সুরক্ষা ও ভবিষ্যৎ শিল্প সম্প্রসারণে আস্থা তৈরিতে দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ কথা উঠে আসে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এমসিসিআই’র সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ। এছাড়াও এতে প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন ও মুন্নু সিরামিকের চেয়ারম্যান ও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম।

আলোচনায় রপ্তানিমুখী শিল্প ও প্রধান শিল্পাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ এবং কারখানাগুলোকে উৎপাদন পরিকল্পনার সুযোগ দিতে আগে থেকেই বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য লোডশেডিং সূচি প্রকাশের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল বলেন, গ্যাস সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তিনি বলেন, সংকট নিয়ে ‘ব্লেম গেম’ না করে সরকার ও শিল্প খাতকে একসঙ্গে বসে সমাধান খুঁজে বের করতে হবে। এ সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে অফশোর ও অনশোর—উভয় ক্ষেত্রেই গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন তিনি।

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী বিদ্যমান শিল্প বিনিয়োগ সুরক্ষায় দীর্ঘমেয়াদি জ্বালানি পরিস্থিতি সম্পর্কে বিশ্বাসযোগ্যতা ও পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসই উন্নয়নের জন্য ১০ থেকে ২০ বছর মেয়াদি সুস্পষ্ট জ্বালানি কৌশল প্রণয়নের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন জ্বালানির মূল্য নির্ধারণ, বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবসম্মত জ্বালানি মিশ্রণের ওপর গুরুত্ব দেন।

মুন্নু সিরামিকের চেয়ারম্যান ও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম বলেন, সিরামিক শিল্পের জন্য গ্যাস শুধু জ্বালানি নয়, উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। দীর্ঘস্থায়ী সরবরাহ অনিশ্চয়তা উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগের জন্য হুমকি তৈরি করছে।

অনু্ষ্ঠানে বাংলাদেশ বিজনেস ইনডেক্স (বিবিএক্স) ২০২৪-২৫-এর তথ্য তুলে ধরে দেখানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে ব্যবসায়িক অবকাঠামোর সূচক ৭১ দশমিক ১ থেকে কমে ২০২৪-২৫ অর্থবছরে ৬৮ দশমিক ৮-এ নেমেছে। জরিপে অংশ নেয়া ৭৪ দশমিক ২ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, তারা মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হন।

ওষুধ ও রাসায়নিক শিল্পের পাশাপাশি ইলেকট্রনিকস ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতেও বারবার বিদ্যুৎ বিভ্রাটের উচ্চমাত্রার প্রভাব পড়ছে বলে জরিপে উঠে এসেছে।

দীর্ঘদিনের গ্যাস সংকট, অপর্যাপ্ত গ্যাসের চাপ, জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা ও ব্যয় বৃদ্ধি শিল্প উৎপাদন, ব্যবসায়িক কার্যক্রম এবং বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানায় বক্তারা।

আরও