ইউক্রেনের অর্থনীতিতে বোঝা হয়ে উঠেছে প্রতিরক্ষা ব্যয়

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর রুশ-ইউক্রেন যুদ্ধের দৃশ্যপট অনেকটা পাল্টে গেছে।

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর রুশ-ইউক্রেন যুদ্ধের দৃশ্যপট অনেকটা পাল্টে গেছে। এ যুদ্ধের খরচ নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি প্রতিরক্ষা বাবদ ইউরোপীয় জোট ন্যাটোকে খরচ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তিনি। ট্রান্সআটলান্টিক মহলে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় একটি প্রশ্ন ঘুরে-ফিরে আসছে; এ যুদ্ধের খরচ কারা কতটা বহন করছে? এর মাঝে ইউরো নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যয় এখন ইউক্রেনের অর্থনীতিতে বোঝা হয়ে উঠেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এর প্রত্যুত্তরে কিয়েভের সাহায্যে আসে পশ্চিমা মিত্ররা। তখন থেকে এ যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ইউরো বিনিয়োগ হচ্ছে; যা প্রতিরক্ষা খাতের ব্যবসায় প্রবৃদ্ধি বাড়িয়েছে কয়েক গুণ। কিন্তু অন্যদিক থেকে সংশ্লিষ্ট অর্থনীতির জন্য পরিণত হয়েছে বোঝায়।

গত নভেম্বরে ইউক্রেনের পার্লামেন্ট ২০২৫ সালের জন্য রেকর্ড ২ দশমিক ২৩ ট্রিলিয়ন রিভনিয়া বা ৪ হাজার ৫৯০ কোটি ইউরো সামরিক বাজেট অনুমোদন করে। তখন এটি ছিল ইউক্রেনের জিডিপির ২৬ দশমিক ৩ বা মোট বাজেটের ৫৫ শতাংশ। গত জুলাইয়ে এতে অতিরিক্ত ৪১ হাজার ২৩০ কোটি রিভনিয়া বা ৮৬০ কোট ইউরো যোগ হয়। এতে চলতি বছরের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে জিডিপির ৩১ এবং বাজেটের ৬৭ শতাংশ। অর্থাৎ অন্যান্য খাতের তুলনায় প্রতিরক্ষা এখন অগ্রাধিকার পাচ্ছে ইউক্রেনে।

সব মিলিয়ে চলতি বছরের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে ২ দশমিক ৬৪ ট্রিলিয়ন রিভনিয়া বা ৫ হাজার ৫০০ কোটি ইউরো। তবে পুনর্গঠন, মানবিক সাহায্য ও অর্থনৈতিক ক্ষতি মিলিয়ে যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজার কোটি ইউরো।

২০২২-২৪ সালে ইউক্রেনের প্রতিরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যয় করেছে প্রায় ৭ হাজার ২০০ কোটি ইউরো, যা ইইউর বার্ষিক জিডিপির প্রায় দশমিক ৩ শতাংশের সমতুল্য। একই সময়ে যুক্তরাষ্ট্র খরচ করেছে ৬ হাজার ৬৯০ কোটি ডলার বা ৫ হাজার ৭৩০ কোটি ইউরো। এটি মার্কিন জিডিপির প্রায় দশমিক শূন্য ৮ শতাংশের সমতুল্য।

ইউক্রেনের বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৭৮ লাখের বেশি। এ হিসাবে যুদ্ধ শুরুর তিন বছরে দেশটিতে মাথাপিছু প্রায় ৩ হাজার ৪২৪ ইউরো প্রতিরক্ষা বাবদ খরচ হয়েছে, যা বছরে ১ হাজার ৩১২ ইউরো।

যুক্তরাষ্ট্রের কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুসারে, বছরে মার্কিন নাগরিকপ্রতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় হয়েছে প্রায় ১২৭ ডলার বা ১০৮ ইউরো। অন্যদিকে নাগরিকপ্রতি বছরে প্রায় ৯৫ ইউরো দিচ্ছে ইইউ। অবশ্য সব ইইউ দেশের অবদান সমান নয়।

ইউক্রেনের একজন সাধারণ নাগরিকের গড় বার্ষিক আয় প্রায় ৩ হাজার ৫০০ ইউরো, অর্থাৎ প্রতিরক্ষার জন্য তাদের অবদান গড় আয়ের প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে ইইউতে গড় বার্ষিক বেতন প্রায় ২৯ হাজার ৬০০ ইউরো, আর যুক্তরাষ্ট্রে প্রায় ৬২ হাজার ডলার বা ৫৬ হাজার ৮৮০ ইউরো।

আগামী এক দশকে ইউক্রেনের পুনর্গঠন ব্যয় হবে প্রায় ৪৪ হাজার ৮৬০ কোটি ইউরো, যা ২০২৫ সালের প্রতিরক্ষা বাজেটের প্রায় নয় গুণ। গত ২৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে সরাসরি অবকাঠামো ক্ষতি দাঁড়িয়েছে ১৫ হাজার কোটি ইউরো। এর মধ্যে রয়েছে আবাসন, পরিবহন ও জ্বালানি খাত। অন্যদিকে গত ডিসেম্বরে বাল্টিক অঞ্চলের সাবসি কেবল ছাড়া যুক্তরাষ্ট্র ও ইইউর অবকাঠামোগত ক্ষতি হয়নি।

কিন্তু এ পরিসংখ্যান শুধু অর্থনৈতিক দিকটাই তুলে ধরে। যুদ্ধের আসল বোঝা হলো প্রাণ হারানো মানুষ, উচ্ছেদ হওয়া পরিবার ও ধ্বংসপ্রাপ্ত সমাজ। যার হিসাব কোনো অংকেই ধরা যায় না বলে মন্তব্য বিশ্লেষকদের।

আরও