জানুয়ারি-সেপ্টেম্বর

২৮ হাজার কোটি ডলার এফডিআই পেয়েছে সৌদি আরব

সৌদি আরবে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) গত বছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) শেষে ১ লাখ ৫ হাজার কোটি রিয়াল বা ২৮ হাজার কোটি ডলারের সমপরিমাণ অর্থে পৌঁছেছে।

সৌদি আরবে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) গত বছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) শেষে ১ লাখ ৫ হাজার কোটি রিয়াল বা ২৮ হাজার কোটি ডলারের সমপরিমাণ অর্থে পৌঁছেছে। অর্থের এ পরিমাণ ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। খবর আরব নিউজ।

সৌদি কেন্দ্রীয় ব্যাংক এসএএমএ প্রকাশিত তথ্য অনুসারে, তিন প্রান্তিকে সৌদি আরবে সম্মিলিতভাবে বৈদেশিক বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে ৩ লাখ ২০ হাজার কোটি রিয়ালে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, এফডিআই খাতে এ প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদি বৈদেশিক মূলধন আকর্ষণে সৌদি আরবের প্রচেষ্টার প্রতিফলন। দেশটির উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য ‘ভিশন ২০৩০’ কৌশলের গুরুত্বপূর্ণ দিক হলো বিদেশীদের বিনিয়োগে উৎসাহদান। মূলত জ্বালানি তেল-বহির্ভূত খাত বৈচিত্র্যায়ণে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ পরিকল্পনার অধীনে ২০৩০ সালের মধ্যে বছরে ১০ হাজার কোটি ডলার এফডিআই আশা করছে সৌদি আরব।

এসএএমএর তথ্য অনুযায়ী, সৌদি আরবে বিদেশী প্রতিষ্ঠানগুলোর পোর্টফোলিও বিনিয়োগ গত বছরের প্রথম নয় মাসে ১ লাখ ৩১ হাজার কোটি রিয়ালে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ২৪ শতাংশ বেশি। পোর্টফোলিও বিনিয়োগে অন্তর্ভুক্ত রয়েছে ইকুইটি, বিনিয়োগ তহবিল ও ঋণ বন্ড। এছাড়া ঋণ, মুদ্রা ও আমানত এবং অন্যান্য হিসাবে অন্তর্ভুক্ত বিদেশী বিনিয়োগের আকার ছিল ৮৪ কোটি ৩৫ লাখ রিয়ালের বেশি, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি।

প্রতিবেদন অনুসারে, একই সময়ে সৌদি আরবে সম্মিলিতভাবে সম্পদের আকার দাঁড়িয়েছে ৫ লাখ ৯৯ হাজার কোটি রিয়ালে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় এটি ৫ শতাংশ সম্পদ বৃদ্ধি নির্দেশ করে।

অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিভিন্ন দেশ সৌদি আরব থেকে পেয়েছে ৯৫ হাজার ৩৬ লাখ কোটি রিয়ালের বেশি এফডিআই, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি।

আরও