যুক্তরাষ্ট্রে অক্টোবরে বেকারত্বের হার কমে ৪.১%

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশটির কৃষির বাইরে বিভিন্ন খাতে তৈরি হয়েছে ১ লাখ ৬৫ হাজার নতুন কর্মসংস্থান।

ফের গতি ফিরেছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে। চলতি বছরের অক্টোবরে দেশটিতে বেড়েছে নতুন কর্মসংস্থান। একই সময়ে বেকারত্বের হার কমে ৪ দশমিক ১ শতাংশে নেমেছে। এর আগে সেপ্টেম্বরে এ হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত কর্মসংস্থানবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশটির কৃষির বাইরে বিভিন্ন খাতে তৈরি হয়েছে ১ লাখ ৬৫ হাজার নতুন কর্মসংস্থান। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৬০ হাজার। এর আগে সেপ্টেম্বরে ২৯ হাজার নতুন কর্মসংস্থানের তথ্য জানায় শ্রম মন্ত্রণালয়।

অক্টোবরের কর্মসংস্থান বৃদ্ধির পরিমাণ অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও বেশি। রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা ওই মাসে ৬৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন।

ন্যাশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ ক্যাথি বোস্টজানচিচ বলেন, ‘যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের বিভিন্ন খাতেই কর্মসংস্থান বাড়ছে। পরিস্থিতি আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের (ফেডে) নীতি সুদহার বাড়ানোর সম্ভাবনাকে জোরালো করছে।’

বোস্টন কলেজের অর্থনীতির অধ্যাপক ব্রায়ান বেথুনের মতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কেন্দ্রীয় সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রচারে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে জানা গেছে। এসব ব্যয় সাম্প্রতিক কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

খাতভিত্তিক হিসাবে অক্টোবরে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে পেশাগত ও ব্যবসায়িক সেবা খাতে। এ খাতে নতুন চাকরি হয়েছে ৭০ হাজার।

গত এক বছরে এ খাতে মাসে গড়ে ১৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। পেশাগত, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেবার পাশাপাশি প্রশাসনিক সহায়তা, বর্জ্য ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সেবায় এ প্রবৃদ্ধি দেখা গেছে।

আরও