প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ১ লাখ ৯৫ হাজার ৩৭৪ শেয়ার ইস্যু ও বরাদ্দ করবে এসিআই লিমিটেড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ জুন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের রায়ে প্রাপ্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, এসিআই লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। এর মধ্যে এম আনিস উদ দৌলার অনুকূলে ১ লাখ ৯৪ হাজার ৯৮৯টি, ড. আরিফ উদ দৌলার অনুকূলে ১৯৫ ও সুস্মিতা আনিসের অনুকূলে ১৯০টি শেয়ার ইস্যু করা হবে। এর আগে এ শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে কোম্পানির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ১৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ১০ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৯৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৭ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪১ টাকা ৯৮ পয়সায়।
এসিআইয়ের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৬৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৮০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।