বৈশ্বিক পরিশোধিত তামার বাজারে আগামী বছর প্রায় ১ লাখ ৫০ হাজার টন সরবরাহ ঘাটতির পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপ (আইসিএসজি)। এ সময় খনি থেকে উত্তোলন বাড়ার হার ২ দশমিক ৩ শতাংশ বাড়লেও পরিশোধন কার্যক্রম কমে যাওয়ায় সরবরাহ ঘাটতি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর মাইনিং উইকলি।
আইসিএসজির প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বৈশ্বিক পরিশোধিত তামার বাজারে প্রায় ১ লাখ ৭৮ হাজার টন অতিরিক্ত সরবরাহ থাকতে পারে। এ সময় বিশ্বব্যাপী খনি থেকে তামা উত্তোলন ১ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে।
এদিকে চলতি বছর পরিশোধিত তামার চাহিদা বাড়তে পারে ৩ শতাংশ। আগামী বছর তা হতে পারে ২ দশমিক ১ শতাংশ।
আইসিএসজি আরো জানায়, চলতি বছর বিশ্বব্যাপী পরিশোধিত তামার উৎপাদন বাড়তে পারে ৩ দশমিক ৪ শতাংশ। ২০২৬ সালে বৃদ্ধির হার হবে মাত্র দশমিক ৯ শতাংশ।
আইসিএসজির বিশ্লেষকরা বলছেন, সরবরাহ ও চাহিদার এ পার্থক্য বাজারে সামনের দিনগুলোয় তামার দামে প্রভাব ফেলতে পারে।