বিশ্ববাজারে বেশ কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী আছে তামার দাম। গত বুধবার তা রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। ধাতুপণ্যটির মূল্যবৃদ্ধির এ প্রবণতা অব্যাহত ছিল গতকালও। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার দাম গতকাল দশমিক ৪০ শতাংশ বেড়ে টনপ্রতি ৯৫ হাজার ৬৪০ ইউয়ানে (১৩ হাজার ৬৫১ ডলার ৫৫ সেন্ট) পৌঁছেছে। এর আগে বুধবার এসএইচএফইতে তামার দাম রেকর্ড টনপ্রতি ৯৬ হাজার ৭৫০ ইউয়ানে পৌঁছায়। এছাড়া লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) প্রতি টন তামার দাম রেকর্ড ১২ হাজার ৩০০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। তবে বড়দিনের ছুটির কারণে লন্ডনের বাজার গতকাল বন্ধ ছিল।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, তামার দাম বাড়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ছুটির মৌসুমের আগে চীনের চাহিদা বৃদ্ধি। ইয়াংশান তামা প্রিমিয়াম (চীনের সমুদ্রপথে আমদানি করা তামার চাহিদার সূচক) ডিসেম্বরের শুরু থেকে বাড়ছে। এটি সেপ্টেম্বরের পর সর্বোচ্চ টনপ্রতি ৫৫ ডলারে পৌঁছেছে। এছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধিও ধাতুপণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।
যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা আগামী বছর আরো সুদহার কমানোর প্রত্যাশায় থাকায় ডলারের বিনিময় হার দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ডলারের বিনিময় হার কম থাকলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য তামার দাম তুলনামূলক সাশ্রয়ী হয়ে ওঠে।