যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার এসঅ্যান্ডপি৫০০ সূচক টানা দ্বিতীয় বছরের মতো ২০ শতাংশের বেশি বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারদর বাড়ায় সূচক টানা দুই বছরের মতো ঊর্ধ্বমুখী হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
এসঅ্যান্ডপি৫০০ সূচকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য, প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে স্থিতিশীল কোম্পানিগুলোর (ব্লু-চিপ) শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। ডিসেম্বরে বিক্রয় চাপ সত্ত্বেও এ সূচক ২০২৪ সালের শেষ নাগাদ ২৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আগের বছর সূচকটি ২৪ দশমিক ২ শতাংশ বেড়েছিল। এটি চলতি শতাব্দীতে এসঅ্যান্ডপি৫০০-এর সবচেয়ে সফল দুই বছরের পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, গত ছয় বছরে সূচকটি চারবার বার্ষিক ২০ শতাংশের বেশি বেড়েছে।
সূচকটির এ উত্থানের প্রধান চালিকাশক্তি ছিল এআই-সম্পর্কিত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার। চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারদর আগের বছরের তুলনায় ১৭২ শতাংশ বেড়েছে। টেক জায়ান্ট মেটা গত বছর বিকাশমান এআই প্রযুক্তিতে বড় আকারের বিনিয়োগ করেছে। এতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৫ শতাংশ।
ইউরোপীয় পুঁজিবাজারগুলোর তুলনায়ও অনেক এগিয়ে এসঅ্যান্ডপি৫০০-এর পারফরম্যান্স। গত বছর ইউরোপের স্টক্স৬০০ সূচক মাত্র ৬ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই১০০ সূচক ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এমএসসিআই সূচক বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।
স্টেট স্ট্রিট গ্লোবাল মার্কেটসের ম্যাক্রো স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মাইকেল মেটকালফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার এতটা অসাধারণ পারফরম্যান্স খুব কমই দেখিয়েছে।’
মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কভিড-১৯-এর পর কয়েক দফায় সুদহার বাড়িয়েছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রির্জাভ (ফেড)। কিন্তু মূল্যস্ফীতির চাপ কমে আসায় গত বছর তা একাধিকবার কমানো হয়েছে। এ সিদ্ধান্ত ওয়াল স্ট্রিটের পুঁজিবাজারের উত্থানে সহযোগিতা করেছে।
পাশাপাশি স্থিতিশীল অর্থনৈতিক প্রতিবেদনগুলোও মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারের ব্যাপারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কর কমানো ও নিয়ন্ত্রণ শিথিল করার প্রত্যাশাও সাম্প্রতিক মাসগুলোয় বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ বেঞ্জামিন বোলার বলেন, ‘ট্রাম্পের শিথিল অর্থনীতি, কর কমানো, নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতি বাস্তবায়ন সাপেক্ষে এবং সম্ভাব্য এআই বিপ্লবর কারণে পুঁজিবাজারের উত্থান ২০২৫ সালেও অব্যাহত থাকতে পারে। ২০২৪ সাল নিঃসন্দেহে একটি ভালো বছর ছিল। আমি মনে করি, এটি অর্থনৈতিক পুনরুদ্ধারের সূচনা করতে পারে।’
তবে লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ম্যাক্রো বিভাগের প্রধান ক্রিস জেফরি সতর্ক করে বলেন, ‘আমাদের আরো সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কেননা এখনো বেশ ঝুঁকি রয়ে গেছে। মার্কিন ও ইউরোপীয় শেয়ারের গড় দাম ও আয়ের অনুপাতের পার্থক্য তখনই যুক্তিযুক্ত হবে, যখন প্রযুক্তিনির্ভর যুক্তরাষ্ট্রের আয় দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে বাড়বে।’
সম্প্রতি ২০২৫ সালে সুদহার কমানোর প্রত্যাশা কিছুটা কমিয়েছেন বিনিয়োগকারীরা। লক্ষ্যমাত্রার ওপরে থাকা মুদ্রাস্ফীতির কারণে এ বছর সুদহার কমানোর হার আগের পূর্বাভাসের তুলনায় কমতে পারে বলে জানিয়েছে ফেডও।
গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে এমন পূর্বাভাসের কারণে এসঅ্যান্ডপি৫০০ সূচক চার মাসের সবচেয়ে খারাপ পারফর্ম করে। আগের মাসেও ট্রাম্পের জয়ের পর বিনিয়োগকারীদের উচ্ছ্বাস কিছুটা কমে গিয়েছিল। এতে সূচকটি ডিসেম্বরে ২ দশমিক ৫ শতাংশ কমে যায়।