সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরা অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ঋণ বিতরণের পরিমাণ কমলেও মুনাফা বেড়েছে প্রায় ২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৩ কোটি ৭০ লাখ টাকা বেশি।
কৃষি ব্যাংক সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয় থেকে জানা যায়, এ অঞ্চলের ১৭টি শাখা থেকে ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০১ কোটি ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এর বিপরীতে আদায় হয়েছে ২৯৬ কোটি ২৯ লাখ টাকা। ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সাতক্ষীরা অঞ্চলে ৪০৯ কোটি ৪০ লাখ টাকার ঋণ বরাদ্দ দেয় কৃষি ব্যাংক। এর বিপরীতে আদায় হয় ৩৩৮ কোটি ২৮ লাখ টাকা। ঋণ আদায়ের হার ছিল ৮৩ শতাংশ। এ হিসাব অনুযায়ী, গত অর্থবছরে সাতক্ষীরা অঞ্চলে ঋণ বরাদ্দের পরিমাণ কমেছে ১০৭ কোটি ৭০ লাখ টাকা।
কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক এসএমএ কাইয়ূম জানান, ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংক ১৬ কোটি টাকা মুনাফা করে। তবে গত অর্থবছরে সেই মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকায়।
তিনি আরো জানান, মুনাফা অর্জনে ধারাবাহিকতা বজায় রাখতে জেলার ১৭টি শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে গ্রাহকসেবার মান বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে।