মতবিনিময় সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী

বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে।’ গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আনিসুজ্জামান বলেন, ‘‌সরকার পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামত নিয়ে কাজ করবে সরকার। পুঁজিবাজার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সমন্বিত উদ্যোগ নেয়া হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক এমন পদক্ষেপ নেয়া হবে।’

তিনি বিনিয়োগকারীদের দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এবং কাজ করার আহ্বান জানান। এছাড়া পুঁজিবাজারের সব বিনিয়োগকারীর প্রতিনিধিত্বকারী একটি শীর্ষ সংগঠন বা ফোরাম গঠনের অনুরোধ জানান। যাতে আগামীতে বিনিয়োগকারীদের সঙ্গে সরকার ও বিএসইসির সংযোগের সুযোগ বাড়ে এবং সংযোগ আরো কার্যকরী হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিনিয়োগকারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় দেশের পুঁজিবাজার উন্নয়নের পথে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও করণীয় বিষয় উঠে আসে।

পুঁজিবাজারে তারল্য সংকট নিরসনে নতুন ফান্ড আনয়ন ও সরকারের পুঁজিবাজার সহায়ক ভূমিকা গ্রহণ, সময়ে সময়ে মতবিনিময় সভা আয়োজনসহ ইত্যাদি প্রস্তাব তুলে ধরা হয়।

আরও