চীনে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাকৃতিক দুর্যোগে সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার। এ সময়ে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তবে গত বছরের একই সময়ের তুলনায় আর্থিক ক্ষতি কমেছে, অন্যদিকে দুর্যোগে মৃত্যু ও নিখোঁজ মানুষের সংখ্যা বেড়েছে। সম্প্রতি এসব তথ্য জানিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর রয়টার্স।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৬০ কোটি ইউয়ান। ডলারে এর পরিমাণ প্রায় ২৯ দশমিক ৯ বিলিয়ন। গত বছরের একই সময়ে ক্ষতির পরিমাণ ছিল ২ লাখ ১৭ হাজার ৬৫০ কোটি ইউয়ান। সে হিসাবে এক বছরের ব্যবধানে ক্ষতি কমেছে ৮ শতাংশ।
চলতি বছরের প্রথম নয় মাসে চীনে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা ১ হাজার ১৬২, যা গত বছর ছিল ৭৪২।
এক বছরে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।
তথ্য বলছে, আগস্টে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে অথবা তারা নিখোঁজ রয়েছেন। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের মানুষ।
এসব অঞ্চলে কয়েকটি আকস্মিক ও তীব্র দুর্যোগের কারণে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা গত পাঁচ বছরের গড়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অন্যদিকে চীনের পূর্ব উপকূলীয় প্রদেশগুলোয় সম্পদের ক্ষতি ও আর্থিক লোকসান বেশি হয়েছে। বারবার ঘূর্ণিঝড় আঘাত হানায় এসব অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রাণহানির বড় কারণ ছিল ভূতাত্ত্বিক দুর্যোগ। এর মধ্যে রয়েছে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও কাদাধস। অন্যদিকে সরাসরি আর্থিক ক্ষতির সবচেয়ে বড় কারণ ছিল ঘূর্ণিঝড়।
এছাড়া দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছে বিপুলসংখ্যক মানুষ। প্রথম নয় মাসে চীনের বিভিন্ন এলাকায় ৫০ লাখের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে অথবা জরুরি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে।