বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে দুই লাখ টন সেদ্ধ চাল আমদানির জন্য ২৩২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিতে অনুরোধ জানিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা থেকে গতকাল এ চিঠি ইস্যু করা হয়।
এতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরু চালের বাজারদর বাড়ার প্রবণতা সম্প্রতি লক্ষ্ করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজারদর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দাম বাড়ার প্রবণতার মতো মাঝারি ও মোটা চালের বাজারদরও বাড়তে পারে। এ ক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ২৩২টি প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ টন (সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট) সেদ্ধ চাল আমদানির অনুমতি দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ মার্চের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। একই সঙ্গে আমদানির পরিমাণ, গুদামজাত ও বাজারজাতের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।
অফিস আদেশে আরো বলা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু বা জারি করা যাবে না। আমদানীকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না এবং বস্তায় বিক্রি করতে হবে।