সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ২০০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ১২০ টাকা।

সাতক্ষীরার সরবরাহ ঘাটতির কারণে মসলা বাজারগুলোয় ব‌্যাপকহারে বেড়েছে আদার দাম। দুই সপ্তাহের ব‌্যবধানে খুচরা পর্যায়ে কেজিপ্রতি পণ্যটির দাম বেড়েছে ৮০ টাকা। ব‌্যবসায়ীরা জানান, ভারতীয় আদা আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। তাই মসলাপণ্যটির দাম বেড়েছে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ২০০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে মসলাপণ্য বিক্রিয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুরের স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বণিক বার্তাকে বলেন, ‘সাতক্ষীরা অঞ্চলে ভারতীয় আদার বাজার বেশি। সম্প্রতি ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় আদা আমদানি কমেছে ৯০ শতাংশ। মাঝেমধ্যে যৎসামান‌্য আমদানি হলেও তা চলে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। ফলে স্থানীয় মসলা বাজারে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। এতে দুই সপ্তাহের ব‌্যবধানে পাইকারি বাজারে কেজিতে ৬০-৬৫ টাকা দাম বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, মাঝেমধ্যে ভারত থেকে দু-এক ট্রাক আদা আমদানি করা হলেও সেখানের স্থানীয় বাজারেও বেড়েছে আদার দাম। ফলে লোকসান এড়াতে ব‌্যবসায়ীরা চায়না থেকে আমদানি বাড়িয়েছেন।

সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বন্দরে আমদানি কমে যাওয়ায় হঠাৎ করে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। তাছাড়া চায়না থেকে যে আদা আসছে তা দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই পাইকারিতে মসলাপণ্যটির দাম কেজিতে ৬০-৬৫ টাকা বেড়েছে। যার প্রভাবে খুচরা পর্যায়েও দরবৃদ্ধি হয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৮০ টন উৎপাদন লক্ষ‌্য নিয়ে ৯০ হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। নতুন আদা বাজারে উঠলে দাম কমে আসবে।

আরও