আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দামে ঊর্ধ্বগতি

বিশ্ববাজারে আকরিক লোহার দাম পরপর কয়েক দিন বেড়েছে। তবে গতকাল চারদিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে।

বিশ্ববাজারে আকরিক লোহার দাম পরপর কয়েক দিন বেড়েছে। তবে গতকাল চারদিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে। কারণ চীনা ইস্পাতের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। তবে দেশটির বন্দরগুলোয় মজুদ কমে যাওয়ায় মূল্য পতন কিছুটা সীমিত ছিল। খবর রয়টার্স।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসে সরবরাহ চুক্তিতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া আকরিক লোহার দাম দশমিক ৭৭ শতাংশ কমেছে। প্রতি টন লেনদেন হয়েছে ৮৩২ দশমিক ৫ ইউয়ানে (১১৪ ডলার ৯৫ সেন্ট)। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও মার্চে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক ১৮ শতাংশ কমে প্রতি টন ১০৮ ডলার ৩ সেন্ট হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নথি অনুসারে, চীনের কিছু ইস্পাত পণ্যের ওপর সাময়িকভাবে ২৭ দশমিক ৮৩ শতাংশ পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করবে ভিয়েতনাম। দেশটি এমন একসময়ে পদক্ষেপটি নিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে সব ধরনের ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। এরপর চীনা স্টিল প্লেটের ওপর সাময়িকভাবে শুল্ক আরোপ করেছে দক্ষিণ কোরিয়া।

ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে নতুন এক নথিতে স্বাক্ষর করেছেন, যেখানে কৌশলগত খাতে চীনা বিনিয়োগ সীমিত করার কথা বলা হয়েছে। এতে বাণিজ্য উত্তেজনা আরো বেড়েছে। মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের ফলে গতকাল পতনের মুখে পড়েছে চীনের স্টক মার্কেট।

মাইস্টিলের তথ্যানুযায়ী, ব্লাস্ট ফার্নেস ইস্পাত কারখানার সক্ষমতা ব্যবহারের হার টানা দ্বিতীয় সপ্তাহেও কমেছে। সেখানে দৈনিক হট মেটাল (ইস্পাতের কাঁচামাল) উৎপাদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দশমিক ২১ শতাংশ কমে ২২ লাখ ৮০ হাজার টনে নেমে এসেছে।

এদিকে বিশ্বব্যাপী আকরিক লোহার চালান আগের বছরের তুলনায় এ বছর সামান্য কমেছে। এতে অস্ট্রেলিয়ার আবহাওয়ার প্রভাবও রয়েছে। চীনা পরামর্শক প্রতিষ্ঠান হেক্সান ফিউচার এক বার্তায় জানিয়েছে বন্দর মজুদ আরো কমতে পারে।

স্টিলহোমের সাপ্তাহিক তথ্যানুযায়ী, চীনের বন্দরগুলোয় আকরিক লোহার মজুদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ১ দশমিক ১৫ শতাংশ কমে ১৪ কোটি ৫৮ লাখ টন হয়েছে।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে অন্যান্য ইস্পাত নির্মাণ উপাদানের দামও কমেছে। কোকিং কয়লা ১ দশমিক ৯৯ ও কোক ২ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে ইস্পাতের দামও পড়েছে। রিবার প্রায় দশমিক ৮ শতাংশ ও হট-রোল্ড কয়েলের দাম ১ দশমিক ২৪ শতাংশ কমেছে। এছাড়া স্টেইনলেস স্টিল ও ওয়্যার রড দুটোর দামই দশমিক ২৩ শতাংশ কমেছে।

আরও