দেশের অটোমোটিভ বাজারে নিজেদের অবস্থান জোরদার করতে নতুন মডেলের মোটরসাইকেল ও ইলেকট্রিক স্কুটার নিয়ে চট্টগ্রাম মোটর শোতে অংশ নিয়েছে নাসির সিনট্যাক্স মোটরস লিমিটেড। বন্দরনগরীতে আয়োজিত ‘অষ্টম চট্টগ্রাম মোটর শো ২০২৬’-এ প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে পেট্রলচালিত মোটরসাইকেলের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করা হয়। আধুনিক ডিজাইন, পারফরম্যান্স ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে সাজানো প্যাভিলিয়নটি দর্শনার্থীদের আকর্ষণ করেছে।
১৫-১৭ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উইজার্ড মোটরসের ব্যবস্থাপনায় আয়োজিত এ মোটর শোতে নাসির সিনট্যাক্স মোটরস তাদের জনপ্রিয় মডেলের পাশাপাশি নতুন মডেলের বাইক ও স্কুটার তুলে ধরে। প্রদর্শনীতে প্রথম দিন থেকেই প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে দর্শনার্থী ও বাইকপ্রেমীদের উপস্থিতি ছিল বলে আয়োজক-সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
মোটর শো উপলক্ষে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছিল বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ ও বিভিন্ন গেমস। পাশাপাশি প্রদর্শনী চলাকালে মোটরসাইকেল ও স্কুটার কেনার আগ্রহীদের জন্য বিশেষ ‘স্পট বুকিং’ অফার দেয়া হয়।