রোবট ট্যাক্স চালুর দাবি মার্কিন ডেমোক্র্যাটদের

এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি চাকরি হুমকির মুখে ফেলতে পারে বলে মার্কিন সিনেটের এক প্রতিবেদনে সতর্কবার্তা দেয়া হয়েছে।

এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি চাকরি হুমকির মুখে ফেলতে পারে বলে মার্কিন সিনেটের এক প্রতিবেদনে সতর্কবার্তা দেয়া হয়েছে। এ আশঙ্কাকে কেন্দ্র করে ‘রোবট ট্যাক্স’ আরোপের দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। মূলত যেসব প্রতিষ্ঠান মানুষের পরিবর্তে প্রযুক্তি ব্যবহার করছে তাদের ওপর এ কর প্রযোজ্য হবে। খবর ফক্স বিজনেস।

হেলথ, এডুকেশন, লেবার অ্যান্ড পেনশনস (এইচইএলপি) কমিটির এ প্রতিবেদন তৈরিতে নেত্বত্ব দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এতে ২০টি বড় কর্মক্ষেত্রের ওপর মনোযোগ দেয়া হয়। সেখানে ১৫টি খাতে অর্ধেকের বেশি চাকরি এআই বা রোবটের কারণে বিলুপ্ত হতে পারে।

প্রতিবেদন অনুসারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ফাস্ট ফুড ও কাউন্টার খাত। এ খাতে প্রায় ৩০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন, যা ওই খাতের প্রায় ৮৯ শতাংশ কর্মসংস্থানের সমতুল্য। এছাড়া গ্রাহকসেবা, পণ্য পরিবহন ও নির্বাহী সহকারী পদগুলোও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ৮০ শতাংশের বেশি কাজ অটোমেশন বা স্বয়ংক্রিয়করণে চলে যেতে পারে।

সিনেটর স্যান্ডার্স এ পরিস্থিতিকে অর্থনৈতিক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কর্মসংস্থান সংকট ভয়াবহ রূপ নিতে পারে।’

তার প্রস্তাবিত রোবট ট্যাক্সের মূল ধারণা হলো যেসব প্রতিষ্ঠান মানুষকে ছাঁটাই করে তাদের স্থানে যন্ত্র বা সফটওয়্যার ব্যবহার করছে, তাদের প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট কর পরিশোধ করতে হবে। কর থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে চাকরি হারানো কর্মীদের প্রশিক্ষণ ও সামাজিক সহায়তার জন্য।

প্রতিবেদনে আরো কিছু প্রস্তাব রাখা হয়েছে। যেমন সপ্তাহে ৩২ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, ফেডারেল পর্যায়ে ন্যূনতম মজুরি ১৭ ডলার করা, অতিরিক্ত কর্মঘণ্টার ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত এবং স্বয়ংক্রিয় শিল্পে শ্রমিকদের শেয়ার মালিকানা প্রদান।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এআইয়ের প্রভাব পূর্বনির্ধারিত নয়; বরং তা নির্ভর করবে নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর।

বার্নি স্যান্ডার্সের মতে, অনিয়ন্ত্রিত স্বয়ংক্রিয়তা অর্থনীতিকে মানবিকতা থেকে বঞ্চিত করতে পারে, যেখানে মুনাফা ও দক্ষতা মানুষের মর্যাদার চেয়ে অগ্রাধিকার পাবে।

বার্নি স্যান্ডার্সের মতে, রোবট ট্যাক্স করপোরেট মুনাফা ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য আনবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও একই মত প্রকাশ করে বলেছেন, ‘স্বয়ংক্রিয় প্রযুক্তি থেকে লাভবান কোম্পানিগুলোর উচিত তাদের ন্যায্য অংশ কর হিসেবে প্রদান করা, যাতে অর্থনৈতিক বিপর্যয় রোধ করা যায়।’

আরও