বিডা চেয়ারম্যান

৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে সামিটে

এছাড়াও স্বাক্ষরিত হয়েছে ৬টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ), যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মাইলফলক তৈরি করেছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। এ সামিটে এরই মধ্যে ৩ হাজার ১০০ কোটি টাকার দুটি বড় বিনিয়োগ ঘোষণা করা হয়েছে হানডা ইন্ডাস্ট্রি ও শপআপের পক্ষ থেকে।

রোববার (১৩ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই সামিট সম্পর্কে এ মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ সময় তিনি জানান, ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৭১০ জন, যার মধ্যে ৫০টি দেশ থেকে আগত ৪১৫ জন বিদেশী প্রতিনিধি এবং ২৯৫ জন বাংলাদেশী প্রতিনিধি ছিলেন। চারদিনের এই আয়োজনে ব্রেকআউট সেশন, রাউন্ডটেবিল আলোচনা ও নানা কর্মসূচিতে অংশ নেন প্রায় ৩ হাজার ৫০০ জন অংশগ্রহণকারী।

সামিটে মোট ১৩০ জন অভিজ্ঞ প্যানেলিস্ট অংশ নেন, যারা স্টার্টআপ কানেক্ট ও ব্রেকআউট সেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা, নীতি সহায়তা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির ওপর মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সামিটের পার্টনার—ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, সিটি এনএ, এইচএসবিসি, বিজিএমইএ, ডাচ দূতাবাস, লাইটক্যাসেল পার্টনার্স, ইনস্পিরা ম্যানেজমেন্ট কনসালটিং, সাজিদা ফাউন্ডেশন ও ইবিএলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের প্রমাণ হিসেবে তিনি বলেন, ‘এ কয়দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে করিডোর আলোচনায় অংশ নিতে বহু দেশী-বিদেশী বিনিয়োগকারী ভিড় করেছেন। এছাড়া অফিসিয়ালি প্রায় ১৫০টি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

সামিটে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও তিনি আশাবাদ প্রকাশ করে বলেন— ‘বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ সামিটের গুরুত্বকে আরো দৃঢ় করেছে।’

এছাড়াও স্বাক্ষরিত হয়েছে ৬টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ), যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

আরও