২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিশুশ্রম নিরসন করতেই হবে।
এজন্য সবার মধ্যে মমত্ববোধ জাগাতে হবে।
গতকাল ভার্চুয়ালি জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের দশম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানার উৎপাদন সচল রাখতে হবে।
তবেই শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ২৮৫ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় জানানো হয় ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে আটটি খাতকে এরই মধ্যে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
এ বছরের মধ্যে আরো কয়েকটি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হবে।
মন্ত্রণালয়ের সচিব কেএম আবদুস সালাম, অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল লতিফ খান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা জেডএম কামরুল আনামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, আইএলও, ইউনিসেফ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিজিএমইএ, বিকেএমইএ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।