যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে এল আরো ৪২০ টন চাল। এ নিয়ে তিনদিনে ২৭টি ট্রাকে ৯৪৫ টন মোটা চাল ভারত থেকে আমদানি করা হলো। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল বন্দর পরিচালক জানান, গত ২১ আগস্ট নয়টি ট্রাকে ৩১৫ টন, ২৪ আগস্ট ছয়টি ট্রাকে ২১০ টন এবং ২৭ আগস্ট ১২ ট্রাকে ৪২০ টন চাল বন্দর দিয়ে প্রবেশ করেছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ‘গত বৃহস্পতি (২১ আগস্ট), রোব ও বুধবার তিন চালানে ২৭টি ট্রাকে ৯৪৫ টন মোটা চাল আমদানি করেছি। চাল ছাড়করণের জন্য আমাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ বেনাপোল কাস্টম হাউজে সব কার্যক্রম দেখাশোনা করছে। চালবোঝাই আরো ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’
সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, ‘বুধবার আমদানীকৃত চাল ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানীকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।’