৭ লাখ ৫ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নতুন অর্থবছরে (২০২৫-২৬) দেশে ৭ লাখ ৫ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন অর্থবছরে (২০২৫-২৬) দেশে ৭ লাখ ৫ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চাষাবাদের জন্য পাটবীজ প্রয়োজন পাঁচ-ছয় হাজার টন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) কৃষি উইং কর্তৃক গতকাল আয়োজিত বার্ষিক অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা কর্মশালায় বক্তারা এ তথ্য জানান। তারা বলেন, দেশে পাটের মোট উৎপাদন ১৫ লাখ টন। এছাড়া পাটকাঠির উৎপাদন ৩০ লাখ টন এবং চারকোলের উৎপাদন ছয় লাখ টন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘পাটের সম্ভাবনা কোনোদিন শেষ হবে না। কাঁচা পাট নিয়ে অন্য দেশগুলো কীভাবে কাজ করছে তার ওপরও মার্কেট রিসার্চে গুরুত্ব দেয়া উচিত। মার্কেট ও বাস্তবতার নিরিখে গবেষণা করতে হবে।’

বিজেআরআইয়ের মহাপরিচালক ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ) মো. আবু জুবাইর হোসেন বাবলু, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

স্বাগত বক্তব্য দেন বিজেআরআইয়ের প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মোস্তফা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনোম গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম মাহবুব আলী।

আরও