ফিউচার মার্কেটে কমেছে অ্যারাবিকা কফির দাম

ফিউচার মার্কেটে চলতি সপ্তাহের শুরুতে অ্যারাবিকা কফির দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছিল।

ফিউচার মার্কেটে চলতি সপ্তাহের শুরুতে অ্যারাবিকা কফির দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছিল। সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার তা নিম্নমুখী হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

শুক্রবার অ্যারাবিকা কফির দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে পাউন্ডপ্রতি ৪ ডলার ১৯ সেন্টে পৌঁছেছে, যা মঙ্গলবারের রেকর্ড প্রায় ৪ ডলার ৩০ সেন্টের নিচে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিল থেকে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় কফির দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আগামী বছর ব্রাজিলে ফসলের উপযোগী অনুকূল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

গত বৃহস্পতিবার রয়টার্স এক জরিপে জানিয়েছে, চলতি বছরের শেষে অ্যারাবিকা কফির দাম প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে। এক্ষেত্রে সাম্প্রতিক রেকর্ড দামের কারণে চাহিদা কমে যাওয়া ও আগামী বছরের ব্রাজিলের আবহাওয়া পূর্বাভাস ভূমিকা রাখবে।

এদিকে শুক্রবার রোবাস্তা কফির দাম দশমিক শূন্য ২ শতাংশ কমে টনপ্রতি ৫ হাজার ৭৮৭ ডলারে নেমেছে।

নিউইয়র্কে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে কোকোর দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। পণ্যটির দাম পৌঁছেছে টনপ্রতি ১০ হাজার ৫৬৭ ডলারে।

ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি কোকোর মজুদ কমেছে। এছাড়া শীর্ষ উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে শুষ্ক আবহাওয়ার কারণে এপ্রিল-সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ফলন কমে যেতে পারে। এসব কারণে পণ্যটির দাম বাড়ছে।

আরও