বাংলাদেশের আরো দুটি নতুন কারখানা এলইইডি সনদ পেয়েছে। এর ফলে এখন দেশে এলইইডি সনদপ্রাপ্ত মোট কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩। এর মধ্যে ১১১টি প্লাটিনাম এবং ১৩৩টি গোল্ড সনদপ্রাপ্ত কারখানা। এই নতুন সংযোজনের ফলে বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিং এলইইডি সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৬৮টি এখন বাংলাদেশের।
এই অর্জন বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তাদের দূরদর্শিতা এবং দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিবেশবান্ধব ভবন এবং টেকসই উৎপাদন পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে তারা শুধু পরিবেশের ওপর বিরূপ প্রভাবই কমাচ্ছেন না, বরং উৎপাদন দক্ষতা বৃদ্ধি, খরচ হ্রাস এবং একটি দায়িত্বশীল ও দূরদর্শী পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনামও বাড়াচ্ছেন।
এই উদ্যোগগুলো বাংলাদেশের শিল্পকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক রাখতে সাহায্য করছে। সে সঙ্গে, আন্তর্জাতিক পর্যায়ে উদীয়মান টেকসই নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং জনগণ ও অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করছে।
নতুন করে এলইইডি প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানা দুটি হলো— এ. জি. ড্রেসেস লিমিটেড ও ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড।
এ. জি. ড্রেসেস লিমিটেডের ঠিকানা: প্লট নং -৯, ব্লক -সি, টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এ, ঢাকা, বাংলাদেশ, ১৭১০। পয়েন্ট ১০৬ এবং সার্টিফিকেশন লেভেল- প্লাটিনাম।
ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের ঠিকানা: ৭২ দেগেরচালা রোড, বোর্ড বাজার, গাজীপুর, বাংলাদেশ, ০১৭০৪। কারখানাটির পয়েন্ট ১০৪ এবং সার্টিফিকেশন লেভেল- প্লাটিনাম।